বরকতের উৎস ফজরের নামাজ
উম্মু নুসায়ের : মানবজীবনের যাবতীয় বরকতের অন্যতম উৎস বলা হয়েছে ফজরের নামাজকে। যা মানুষকে আল্লাহর সন্তুষ্টি ও করুণা নিয়ে দিন শুরু করতে সাহায্য করে। এর মাধ্যমে সারাদিন দেহ-মন সজীব-সতেজ থাকে। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের (ফজরের ও আসরের নামাজ) আগে নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না।’ সহিহ মুসলিম : ৬৩৪
ইসলামি স্কলাররা যথাসময়ে ফজরের নামাজ আদায়ের অনেকগুলো সুফল বর্ণনা করেছেন। এর অন্যতম হলো
আল্লাহর সান্নিধ্যে দিনের শুরু : ফজরের নামাজ মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সূর্যের আলো যেমন রাতের অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে। একইভাবে ফজরের নামাজ মুমিনদের আলো ও দিকনির্দেশনা দেয়। যার ফলে তাদের অন্তর আধ্যাত্মিক শক্তিতে আলোকিত হয়। হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর পক্ষ থেকে জামানত লাভ করল। অতএব হে আদম সন্তান! লক্ষ রেখো আল্লাহ যেন অবশ্যই তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন।’ সহিহ মুসলিম : ৬৫৭
সুন্নত : ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায়ের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে পারি। এই দুই রাকাত নামাজের মূল্য এত বেশি যে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ফজরের দুই রাকাত (সুন্নত) পৃথিবী ও তাতে যা কিছু আছে সবার চেয়ে উত্তম।’ সহিহ মুসলিম : ২৫
বলা হয়েছে, সুন্নাহভিত্তিক জীবন ব্যবস্থায় মানুষের সামগ্রিক কল্যাণ নিহিত। নবী করিম (সা.)-এর সুন্নত হলো তাড়াতাড়ি ঘুমানো ও ভোরে ঘুম থেকে ওঠা।
ফেরেশতাদের উপস্থিতি : আল্লাহতায়ালা বলেন, ‘সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। আর ফজরের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়।’ সুরা বনি ইসরাইল : ৭৮
হাদিসের বর্ণনা অনুযায়ী, ফজরের নামাজের সময় দিবারাত্রির উভয় দল ফেরেশতা উপস্থিত থাকে এবং খুব মনোযোগের সঙ্গে কোরআন তেলাওয়াত শোনে। তাই ফজরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কাছে দিন ও রাত্রির ফেরেশতা পালাক্রমে যাতায়াত করতে থাকে। আর ফজর ও আসরের নামাজে তারা একত্র হয়। তারপর যারা তোমাদের কাছে রাত কাটিয়েছে তারা ঊর্ধ্বাকাশে চলে যায়। অতঃপর আল্লাহ তাদের জিজ্ঞেস করেন, ‘তোমরা আমার বান্দাদের কী অবস্থায় ছেড়ে এসেছ? তারা বলে, আমরা যখন তাদের ছেড়ে এসেছি তখন তারা নামাজে মশগুল ছিল। আর যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনো তারা নামাজে ছিল।’ সহিহ মুসলিম : ৬৩২
মুমিন ও মুনাফিকের পার্থক্য : পরিপূর্ণ মুমিনের পথ পরিক্রমা ত্যাগ-তিতিক্ষার। তাই আল্লাহর আহ্বানে সাড়া দিতে মুমিন ভোরের আরামের ঘুম বিসর্জন দেয় অবলীলায়। কারণ সে জানে, ঘুম থেকে নামাজ উত্তম। অন্যদিকে, ‘মুনাফিকের ওপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত তাহলে হামাগুঁড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো।’ সহিহ মুসলিম : ৬৫১
ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায়ের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধরাত্রি ইবাদত করল আর যে ফজরের নামাজ জামাতে আদায় করল সে যেন সারারাত নামাজ পড়ল।’ সহিহ মুসলিম : ৬৫৬
বরকতময় ফজর : ফজরের সময়টা সুন্দর এবং বরকতময়। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) আমাদের জন্য ভোরের সময়টাকে বরকতময় করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি যুদ্ধযাত্রা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব কাজ ফজরের সময় করতেন। এছাড়া সময়মতো নামাজ আদায়ের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতার শিক্ষা পাই। সারা দিনের বাকি নামাজগুলো একটা নিয়মতান্ত্রিক উপায়ে আদায় করার অনুপ্রেরণা পাই। এতে করে সারা দিনের সময়ের যথোপযুক্ত ব্যবস্থাপনা সহজ হয়। পর্যাপ্ত সময় পাওয়ায় ধীরেসুস্থে দিনের বাকি কাজ করা যায়।
আত্মার পরিশুদ্ধি : ফজরের সময়টা সর্বোত্তম সময় আধ্যাত্মিক পরিপূর্ণতা লাভের। সময়মতো নামাজ আদায়ের মাধ্যমে নফসকে আমরা পরাজিত করি। সকাল বেলার সূর্য যেমন সব অন্ধকার দূর করে দেয়, তেমনি ফজরের নামাজ আদায় মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে নফসের শিকল থেকে। ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আমরা নিজেদের অলসতা ও অসচেতনতা এবং অবসন্নতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কারণ ‘তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশে তিনটি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এই বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত। অতএব তুমি শুয়ে থাকো। এরপর সে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করলে একটি গিঁট খুলে যায়। পরে অজু করলে আরেকটি গিঁট খুলে যায়। এরপর নামাজ আদায় করলে বাকিটিও খুলে যায়। তখন তার সকাল হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। অন্যথায় সে সকালে উঠে কলুষ কালিমা ও আলস্য নিয়ে।’ সহিহ বোখারি : ১১৪২
বিশ^ এখন নানা ধরনের সমস্যায় জর্জরিত। এ অবস্থায় সিরাতুল মুস্তাকিমের পথে থাকা সহজ নয়। কিন্তু যারা নফসের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত নিজের ইমান ও আমল হেফাজতের চেষ্টায় রত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত পুরস্কার বরাদ্দ। আঁধারের কালো তাদের ছুঁতে পারে না। মুমিনদের সঠিক পথে রাখার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের এই নির্দেশনা। যার মাধ্যমে তারা রবের কাছে নিজেকে সঁপে দেয় নামাজের প্রতি ওয়াক্তে। আর ফজরের নামাজ আদায়ের মাধ্যমে দিনের শুরু মুমিনদের আত্মিক প্রশান্তিতে ভরিয়ে রাখে।
দিনের প্রথম নামাজ ফজর আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করি, যা ভোরের সময়টাতেই শুধু পাওয়া যায়। এই নামাজ মানুষকে বিবেকের উদাসীনতা ও অসচেতনতা থেকে রক্ষা করে। মুমিনদের আধ্যাত্মিক পূর্ণতা লাভে সাহায্য করে।











