বাস কাউন্টারে বিক্রি হচ্ছে মাইক্রোর টিকিট!
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কয়েক ধাপে চলছে সর্বাত্মক লকডাউন। লকডাউনের বিধি নিষেধের মধ্যেই পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন কর্মজীবীরা। এখন কর্মস্থলে ফেরার চেষ্টা। কিন্তু সর্বাত্মক লকডাউনে চলছে না দূরপাল্লার বাস। এতে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলমুখী মানুষরা।
তাই বাধ্য হয়ে মাইক্রোবাসের টিকিট বেশি দামে কিনে যেতে হচ্ছে গন্তব্যে। এদিকে সর্বাত্মক লকডাউনে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ঢাকাগামী বাস কাউন্টারের মালিক ও শ্রমিকরা। গত ১ মাস যাবত তাদের কোনো উপার্জনের ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়ে কাউন্টারের সামনে মাইক্রোবাস রেখে টিকিট বিক্রি করছেন তারা।
বুধবার দুপুরে সরেজমিন কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, ১০ সিটের মাইক্রোবাসের টিকিট জনপ্রতি নেওয়া হচ্ছে ১৫০০ টাকা। আর ১৮ সিটের মাইক্রোবাসের টিকিট নেওয়া হচ্ছে ১৩০০ টাকা।
টিকিট কাউন্টারের ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো আয়-উপার্জন নেই। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় এ ব্যবস্থা করতে হয়েছে।
ঢাকাগামী শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঈদ করতে তিনি বাড়িতে এসেছিলেন। এখন ঢাকায় কর্মস্থলে ফিরবেন। ১৫০০ টাকা দিয়ে একটি টিকিট কেটেছেন। বাস চললে এত বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হতো না।
দিলরুবা খাতুন নামে আরেক নারী যাত্রী জানান, তিনি ৩টি টিকিট ৪৫০০ টাকা দিয়ে কিনেছেন। আশায় ছিলেন দূরপাল্লার বাস চলাচল শুরু করবে। কিন্তু শেষ পর্যন্ত না চলায় মাইক্রোবাসে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকাগামী ঝিনাইদহ লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার তানভীর তুহিন বলেন, দুই ঈদেই ঢাকাগামী পরিবহনগুলোর ভালো ব্যবসা হয়। সেই সঙ্গে আমাদেরও ভালো উপার্জন হয়। কিন্তু গত ঈদেও কোনো উপার্জন নেই। এই ঈদেও গাড়ি বন্ধ। পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে ঈদ কেটেছে। উপায় না পেয়ে মাইক্রোবাসের টিকিট বিক্রি করছি।
কাউন্টারের শ্রমিক জাহিদ হোসেন জানান, দূরপাল্লার বাসগুলো অচিরেই খুলে দেওয়া উচিত। না হলে আমাদের পথে বসতে হবে।











