গাজা সীমান্ত বন্ধ করে দিলো ইসরায়েল, আটকা পড়েছে ত্রাণ নিয়ে যাওয়া সব ট্রাক
মঙ্গলবার সীমান্ত বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কারেম আবু সালেম সীমান্তে আন্তর্জাতিক সহায়তা নিয়ে যাওয়া একটি ট্রাক বহর আটকে দেয় ইসরায়েল। তারা বলছে এই এলাকায় মর্টার হামলার কারণেই সীমান্ত বন্ধ করা হয়েছে। আল-জাজিরা
এর অল্প কিছুক্ষণ আগেই ত্রাণ কার্যক্রমের জন্য ইসরায়েলি কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাকটিভিটিস ইন দ্য টেরিটোরিজ (কোগ্যাট) অস্থায়ীভাবে এই সীমান্ত খোলার ঘোষণা দেয়। পরে কোগ্যাট জানায়, হামাসের মর্টার হামলায় এক ইসরায়েলি সেনা সামান্য আহত হওয়ার পরেই এই সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়।
নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক মিডিয়া অ্যাডভাইজর কার্ল শেমব্রি বলেন, যদি কারেম আবু সালেও ও বেইট হানুন ক্রসিং দুটি বন্ধ রাখা হয়, তবে গাজায় দমবন্ধকর পরিস্থিতি তৈরি হবে। তিনি বলেন, ‘এই মানুষগুলোর যে শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজন তাই নয়, তাদের এখন মানবিক সহায়তাও দরকার। এই দ্রব্যগুলো নিরাপদ প্যাসেজ পাবে, ইসরায়েলকে সে নিশ্চয়তা দিতেই হবে।
বহু বছর ধরে অবরুদ্ধ রয়েছে গাজা। সাগরপথে সেখানে কোনও মানবিক সহায়তা আসতে দেয়না ইসরায়েল।মিশর থেকে সুরঙ্গপথে কেছু দ্রব্য আনা হয়, কিন্তু ইসরায়েলি বিমান বাহিনী সেগুলোও ধ্বংস করে দিয়েছে। স্থলপথে কিছু আসবে কিনা তা তেল-আবিবের ইচ্ছের উপর নির্ভরশীল।











