ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডব: আরও ৩ জনসহ মোট ৪৮১ জন গ্রেফতার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরসহ বিভিন্ন স্হানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরো ৩ জন হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ নিয়ে তাণ্ডবের ঘটনায় মোট ৪৮১ জন গ্রেফতার হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী ও তাণ্ডবের সঙ্গে জড়িত। তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা হয়েছে।
এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। চলতি বছরের ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালান হেফাজত কর্মী-সমর্থকরা। তারা সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।











