আড়াইশো কোটি টাকার লড়াই
৩০০ মিলিয়ন ডলার বা আড়াইশো কোটি টাকার লড়াই। যাকে বলা হচ্ছে ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’। এই বক্সিং লড়াইয়ে লড়বেন ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি প্যাকিয়াও’র। আমেরিকার লাস ভেগাসে এই বক্সিং যুদ্ধ শুরু হচ্ছে শনিবার।
বক্সিংখেলা। বিশ্বব্যাপী শক্তি, সামর্থ্য ও প্রবল পরাক্রমশালী একটা খেলা। যেখানে শুধু কৌশল ও দক্ষতা নয়, প্রতিপক্ষের দুর্বলতাও জয়ের বন্দরে পৌঁছায় একজন বক্সারকে। তবে, এসবের থেকেও বিশ্ব বক্সিং খেলা মানেই টাকার ঝনঝনানি। একটি খেলায় কোটি কোটি ডলারের বাজির সঙ্গে থাকে মোটা অঙ্কের প্রাইজমানি।
১৯৭১ সালে মোহাম্মদ আলী ও জো ফ্রেজিয়ার বক্সিংকে বলা হয় শতাব্দীসেরা লড়াই। আবার অনেকে ১৯৭৪ সালে দ্য র্যাম্বল ইন দ্য জঙ্গল আলী ও ফোরম্যানের লড়াইকেও সেরা লড়াই বলে থাকেন। এবার তেমনি এক বক্সিং লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। শতাব্দীর সেরা কি না- তা নিয়ে বিতর্ক থাকলেও টাকার অঙ্কে এটি যে সেরার সেরা লড়াই তা বলার অপেক্ষা রাখে না।
আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠেয় ফ্লয়েড মেওয়েদার ও ম্যানি প্যাকিয়াও’র লড়াই যে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের যুদ্ধ। বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো কোটি টাকার লড়াই।
টিকিট সত্ত্ব,স্পন্সর, সম্প্রচার সত্ত্ব থেকে আসবে এই টাকা। এ লড়াইয়ের টিকিটের সর্বনিম্ন দাম দেড় হাজার ডলার। আর সর্বোচ্চ দাম ১০ হাজার ডলার। ১৬ হাজার টিকিটের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
কেন এই বক্সিং নিয়ে এত আগ্রহ। হবেই না বা কেন। বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে ধনী খেলোয়াড় ফ্লয়েড মেওয়েদার যে লড়বেন এই বক্সিং যুদ্ধে। যাতে তার প্রতিদ্বন্দ্বী ম্যানি প্যাকিয়াও বিশ্বের ৭ নম্বর ধনী ক্রীড়াবিদ। এতে চ্যাম্পিয়ন হতে পারলে আমেরিকার ফ্লয়েড মেওয়েদার পাবেন ১৮ কোটি ডলার। আর ম্যানি প্যাকিয়াও পাবেন ১২ কোটি ডলার।
মার্কিন ফ্লয়েড মেওয়েদার পেশাদার ক্যারিয়ারের ৫টি আলাদা ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন। আর আটটি আলাদা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া একমাত্র বক্সার ফিলিপাইনারের ম্যানি প্যাকিয়াও।
৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার মেওয়েদার ক্যারিয়ারে জিতেছেন ৪৭টি শিরোপা। এবং ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার প্যাকিয়াও জিতেছেন ৫৭ টি শিরোপা। তাই ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’র এই লড়াইয়ে কে জিতবেন শিরোপা? তা নিয়ে বিশ্বের উন্নত দেশগুলোতে এরই মধ্যে কোটি কোটি ডলারের বাজি শুরু হয়ে গেছে।-সংবাদসংস্থা।











