রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভাঙা চাইনিজ রকেট, ক্ষয়ক্ষতির সম্ভাবনা

news-image

রকেটের অংশটি জনবসতিপূর্ণ কোথাও আছড়ে পড়লে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটতে পারে, এমনটিই আশঙ্কা বিশেষজ্ঞদের পৃথিবীর দিকে ছুটে আসছে চীনের বৃহত্তম রকেট লং মার্চ ৫-বি এর ভেঙে পড়া একটি অংশ। আগামী ১০ মে এটি পৃথিবীর বুকে আছরে পড়তে পারে লম্বায় ১০০ ফুট আর ওজন ২১ টনের এ অংশটি। মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজপোর্টাল “স্পেসনি‌উজ” এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, চীনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম- “লং মার্চ ৫বি রকেট”। মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানিয়েছে চিনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চিন। প্রকল্পের নাম- ‘তিয়ানহে মহাকাশ স্টেশন’। তা উৎক্ষেপণের জন্য কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে চীন।

ওই মহাকাশ স্টেশনের একটি ‘মডিউল’ (অংশ) পরীক্ষামূলক ভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত ২৮ এপ্রিল লং মার্চ ৫বি রকেট-এর উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা।  মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজপোর্টাল ‘স্পেসনি‌উজ’ জানাচ্ছে, চীনা রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের ‘মডিউল’টিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে। তবে তার ভিতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) অংশটি রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে দিনকয়েকের মধ্যেই ঢুকে পড়তে চলেছে। রাডারে তা ধরাও পড়েছে। অংশটি এখন ভূপৃষ্ঠের ১০৬ মাইল থেকে ২৩১ মাইল উচ্চতার মধ্যে ওঠা-নামা করছে। যে কোনও মুহূর্তে পৃথিবীর যে কোনও প্রান্তে তা ভেঙে পড়তে পারে।

বিশেষজ্ঞদের বরাতে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে বলা হয়েছে,মঙ্গলবার চীনা রকেটের ওই অংশটি প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করছিল। এর গতিবেগ ঘণ্টায় প্রায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার। সেদিন পৃথিবী থেকে এটি ৩০০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় ছিল। রকেটের অংশটি জনবসতিপূর্ণ কোথাও আছড়ে পড়লে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের বিশেষজ্ঞ জনাথন ম্যাকডোয়েল বলেছেন, “পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। চীন এর আগেরবার যখন ‘লং মার্চ ৫বি রকেট’ উৎক্ষেপণ করেছিল তখনও কিছু বড় লম্বা ধাতব অংশ পড়ে আইভরি কোস্টে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এর বেশিরভাগ অংশই জ্বলে গিয়েছিল। তবুও প্রচুর ধাতব টুকরো পৃথিবীতে এসে পড়েছিল। আমরা খুব ভাগ্যবান যে তখন কেউ হতাহত হয়নি।”