রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রমাণ চাইলেন শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়ের অভিযোগের বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন বিধান সভা নির্বাচনে দলটির পরাজিত প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

টলিউডের এই নায়িকাকে প্রার্থী করায় প্রশ্ন তুলে আক্রমণাত্মক টুইট করেছিলেন তথাগত। এমনকি নির্বাচনের টাকায় ‘কেলি’ করে বেড়াচ্ছেন বলেও নেটমাধ্যমে কটাক্ষ করেন তিনি।

জবাবে নায়িকার প্রশ্ন, ‘‘আপনার কাছে কি প্রমাণ আছে, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি বা কেলি করেছি! যদি থাকে, তা হলে প্রমাণ দিয়ে তবেই কথা বলুন।”

ভোটের দিন কয়েক আগে তৃণমূলের প্রার্থী মদন মিত্রর সঙ্গে বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীর নৌকাবিহারের ঘটনা নিয়েই বিতর্কের সূত্রপাত। মঙ্গলবার সকালে সেই ঘটনার প্রসঙ্গ টেনে বেশ কয়েকটি টুইট করেছিলেন তথাগত। সেখানে পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীদের ‘নগরীর নটী’ বলেও বিদ্রুপ করেন তিনি।

পরে এ ব্যাপারে শ্রাবন্তী সংবাদমাধ্যমে বলেন, ‘‘উনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে আছেন। তার কথা শুনেছি। তবে আমার মনে হয়, এই ধরনের মন্তব্য করার আগে বিষয়টি জেনে নেওয়া উচিত ছিল।”

তিনি বলেন, ‘‘উনি বলেছেন, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি। কেলি করেছি। এই মন্তব্যের কোনও প্রমাণ কি তার কাছে আছে? যদি থাকে তবে তা দয়া করে সামনে আনুন। তারপর অভিযোগ করুন।”

মদনের সঙ্গে পায়েল-শ্রাবন্তীদের নৌকাবিহার নিয়ে বিজেপি নেতাদের উদ্দেশে তথাগত টুইটারে লেখেন, ‘‘নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?”

তথাগতের এমন মন্তব্যের প্রতিবাদ করেছেন তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান।