সানায় সৌদির বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় কমপক্ষে পাঁচবার বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া দক্ষিণের বন্দরনগরী এডেনেও যুদ্ধজাহাজ থেকে হামলা চালানো হয়েছে। রোববার সৌদি নেতৃত্বাধীন আরবজোট এসব হামলা চালায়।
গত মাসের শেষ দিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরবজোট। গত সপ্তাহে সৌদি আরব বিমান হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে এর ২৪ ঘন্টা না পেরুতেই আবারও হামলা শুরু করে সৌদি।
রোববার প্রথমবারের মতো রাজধানী সানায় হামলা চালালো আরব জোট।
জামাল নামে সানার এক বাসিন্দা বলেন, ‘বিস্ফোরণটি এতো বড় ছিল যে আমাদের বাড়ি কেপে উঠেছে। এটা আমাদের ও সন্তানদের জেগে উঠতে বাধ্য করেছে। এই শহরে জীবনযাপন সত্যি কঠিন হয়ে গেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদেশি যুদ্ধজাহাজ থেকে বন্দরনগরী এডেনের প্রধান বানিজ্যিক এলাকা ও ডকইয়ার্ডে হুতিদের অবস্থানে গোলা নিক্ষেপ করা হয়েছে। গত একমাসের মধ্যে প্রথমবারের মতো এডেনে বিদেশি জাহাজ থেকে গোলা নিক্ষেপ করা হলো।
এদিকে এডেনের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় যোদ্ধা ও হুতি মিলিশিয়াদের মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়েছে। স্থানীয় যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবার প্রথমবারের মতো তারা হুতিদের বিরুদ্ধে ট্যাঙ্ক ও কাতিয়ুশা রকেট হামলা চালিয়েছে।











