নিউজিল্যান্ডে প্রথম জয়ের আশায় তামিমরা
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের তেমন কোনো ভালো স্মৃতি নেই। অতীতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির কোনো ফরম্যাটেই নিউজিল্যান্ডের মাঠে জয় দেখেনি টাইগাররা। চলতি সফরে প্রথম জয়ের আশায় আছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
এ ব্যাপারে জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন বলেছেন, অবশ্যই এবার প্রথম জয় আসবে। এবারের দলটা নিয়ে ভালো কিছু আশা করা সম্ভব। তাছাড়া আমাদের আলাদা পরিকল্পনা তো থাকবেই। উইকেট মানিয়ে নিয়ে নিজেদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো কিছু আসবে।
রুবেল আরও বলেছেন, নিউজিল্যান্ডে অনেকবার এসেছি। এখানে বোলিং করে খুব ভালো লাগে, স্পোর্টিং উইকেট। ব্যাটসম্যানদের জন্যও ভালো। বোলাররা যদি জায়গামতো বল করতে পারে, তাহলে সুবিধা নিতে পারে।
জাতীয় দলের হয়ে ১০৩ ওয়ানডে, ২৭ টেস্ট ও ২৭ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ১৯০ উইকেট শিকার করা রুবেল আরও বলেছেন, আমি সব সময় চেষ্টা করি বাংলাদেশকে জেতানোর। একাদশে সুযোগ পেলে এ চেষ্টাই থাকবে। নিউজিল্যান্ডের সঙ্গে আগে ম্যাচ জেতানো স্মৃতি আমার মাথায় সব সময় থাকে। সেভাবে পরিকল্পনা রেখে সামনে খেলার চেষ্টা করব। অবশ্যই শতভাগ দেওয়ার চেষ্টা থাকবে।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে। তার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।











