রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসে দেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আজ রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদাপ্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৭ মার্চ এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে দেশব্যাপী থানাসহ সব পুলিশ ইউনিটে আনন্দ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধু কখনো নিজেকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে উপস্থাপন কর‌নে‌নি। বরং যখন পাকিস্তানিরা আমাদের নিরীহ জনগণের ওপর হামলা করে আমাদের দেশের মানুষকে হত্যা করে নির্বিচারে, তখনই তিনি দৃঢ়‌চি‌ত্তে স্বাধীনতা ঘোষণা করেছেন।’

রাজনীতির সত্য উপলব্ধি করার জন্য আই‌জি‌পি জ্ঞানচর্চার আহ্বান জানান। তিনি বলেন, ‘এক সময় দারিদ্র্য, অসুখ, অশিক্ষা ছিল আমাদের নিত্য সহচর। মানুষ ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েডে ভুগতো। অভাব ছিল নিত্যসঙ্গী। আজ দেশ কোথায় এসেছে? এ যাত্রা সহজ ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এ উন্নয়নের পেছনে আমাদের শ্রম, ঘাম রয়েছে, প্রতিজ্ঞা, প্রত্যয় রয়েছে। দেশের মানুষ অহর্নিশ পরিশ্রম করেছে। এ দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফলে আমাদের এ বিজয় অর্জিত হয়েছে।’

তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা অনেক দূর এসেছি, আমাদের যেতে হবে বহুদূর। আমাদের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। ২০৪১ সালে ধনী দেশে পরিণত হওয়ার মধ্য দিয়ে আমাদেরকে “সোনার বাংলার” গর্বিত বন্দরে উপনীত হতে হবে।’

আইজিপি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটা দারিদ্র্যের শেকল ভাঙার, আত্মমর্যাদার উৎসব। বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয়। কোনো নির্দিষ্ট দিনে নয়, প্রতিদিন এ উৎসব উদযাপন করতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি করোনাকালে পুলিশের প্রশংসা করে বলেন, ‘বর্তমান করোনায় পুলিশ ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে।’

অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এ দেশ পেতাম না। তলাবিহীন ঝুড়ি থেকে দেশ এখন উন্নয়নের মহাসড়কে।’

পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনসাধারণের সাথে ভালো আচরণ করার চেষ্টা করতে হবে।’

অনুষ্ঠানে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু ৭ মার্চ সাবলীলভাবে এক‌টি অনন্যসাধারণ ভাষণ দিয়েছেন। ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।’

সূত্র : আমাদের সময়