রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা দিবসে বরিশালে শিক্ষার্থী-শ্রমিকদের আন্দোলন স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ থেকে সরে দাড়িয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা।

শনিবার বিকেল সাড়ে ৫টায় তারা এ ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন।

এদিকে শহীদ দিবস উপলক্ষে এবং পুলিশের আশ্বাসে ১৭ রুটে বাস চলাচল শুরু করেছে রূপাতলী বাস মালিক সমিতি ও শ্রমিকরা। ধর্মঘটের ৮ ঘণ্টা পর রাত সাড়ে ৭টায় ধর্মঘট প্রত্যাহার করলে সকল যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রক্টর ড. সুব্রত কুমার দাস বাংলাদেশ জার্নালকে জানান, দীর্ঘ আলোচনা শেষে বিশেষ করে আগামীকাল রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। এতে করে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আগামীকালের পর শিক্ষার্থীরা যাতে আর আন্দোলনে না যায় সে জন্য তাদের সাথে আরো বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান প্রক্টর। তাতে করে একটি স্থায়ী সমাধান বের হয়ে আসবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভাষা দিবস উপলক্ষে আন্দোলন স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শর্ত মেনে নিলে আমরাও আন্দোলন থেকে সরে যাবো।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রফেসর ছাদেকুল আরেফিন বলেন, তাদের নিরাপত্তা, হামলাকারীদের গ্রেপ্তার ও মামলা দায়ের সকল দাবি মেনে নেয়া হয়েছে। এ কারণে আন্দোলন থেকে সরে দাড়াবার অনুরোধ জানান তিনি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মামলায় ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে এবং পুলিশের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন। এতে করে ৭ জেলার সাথে ১৭টি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হয়। পরবর্তীতে অভিযুক্ত শ্রমিককে আটক করলে অবরোধ তুলে নেয়। এর জেরে ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে রূপাতলী হাউজিং এর ভিতর মেসে হামলা চালায় পরিবহন শ্রমিকরা। এতে ২০ শিক্ষার্থী আহত হলে ওই রাত থেকে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত একটানা ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়। তিন শর্ত বাস্তবায়নে আল্টিমেটাম দিয়ে আন্দোলন থেকে সরে দাড়ান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মামলায় নামধারী আসামী না করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ তিন দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটামের সময়সীমা শুক্রবার বিকেলে শেষ হওয়ার পর আবারো মহাসড়ক অবরোধ করে। আড়াই ঘণ্টা অবরোধ শেষে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দায়ের করা মামলায় দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। ওই শ্রমিকদের মুক্তির দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয় মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দ। এমনকি বিকল্প যানবাহন চলাচলেও তারা বাধা দেয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল