শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ৪২/০, টার্গেট ২৫১ রান (ভিডিও)

https://youtu.be/keQeHqXRs0o

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য সফরকারী পাকিস্তানের দেওয়া ২৫১ রানের লক্ষ্যে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। সৌম্য সরকার ৩২ ও তামিম ইকবাল ৭ রানে ক্রিজে আছেন।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ২৫০ রান সংগ্রহ করে পাকিস্তান। জুলফিকার বাবার ১ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের পক্ষে অধিনায়ক আজহার আলী ১০১, হারিস সোহাইল ৫৩, সামি আসলাম ৪৫, সাদ নাসিম ২২, ওয়াহাব রিয়াজ ৭, মোহাম্মদ হাফিজ ৪ মোহাম্মদ রিজওয়ান ৪, ফাওয়াদ আলম ৪, জুনাইদ খান ৪ এবং জুলফিকার বাবর ১ রান করেন।
বাংলাদেশের পক্ষে মাশরাফি, সাকিব, রুবেল ও সানি ২টি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া নাসির নিয়েছেন ১টি উইকেট। অন্যটি রানআউট।
দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, জিটিভি ও স্টার্ট স্পোর্টস ১।
এর আগে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত সামি আসলামকে সঙ্গে নিয়ে অধিনায়ক আজহার আলী ব্যাটিং উদ্বোধন করলেন দারুণভাবে। ১৮ ওভার ব্যাট করে ১ম উইকেট জুটিতে দুজনে দলকে এনে দেন ৯১ রান। ৫০ বলের মোকাবেলায় ৪৫ রান করে তরুণ সামি নাসিরের বলে আউট হয়ে যান হাফসেঞ্চুরি পাওয়ার আফসোস সঙ্গে নিয়ে। বাজে ফর্মের সাথে তুমুল লড়াই করেও বারবার হার মানা মোহাম্মদ হাফিজ ৪ রান তুলেই আরাফাত সানির বলে বিদায় নেন।
নতুন ব্যাটসম্যান হারিস সোহেলকে সঙ্গে নিয়ে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। সেই সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে নেয় পাকিস্তান। ১৬৬ মিনিট ক্রিজে থেকে ১১২ বল খেলে ১০ চারের সহায়তায় ১০১ রান করেন আজহার। তবে সাকিবের দারুণ ডেলিভারিতে সাজঘরে ফিরতে হয় তাকেও। এর আগে হারিস সোহেলের সঙ্গে গড়েন ৯৮ রানের মজবুত জুটি।
আজহারের উইকেট হারানোর পরই ম্যাচের মোড় পাল্টে যায়। ক্রিজে এসে বারবার নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। বাংলাদেশি বোলাররা শুরুর দিকে কিছুটা খরচে থাকলেও শেষ ১৫ ওভারে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন, যার কারণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।
২০৩ রানে আজহারের বিদায়ের পর আরেক সেট ব্যাটসম্যান সোহেলকে পাকিস্তান হারায় ২০৭ রানে। মাশরাফির বলে মুশফিকের ক্যাচে পরিণত হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫২ রান (৫৮ বল)। এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে, ২১৩, ২২৪, ২৪৩, ২৪৪ ও ২৫০ রানের মাথায় শেষ পাঁচটি উইকেট হারায় পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক আজহার আলী ব্যাট থেকেই। তবে তার অধিনায়কোচিত ইনিংস দলের স্কোর বড় করতে পারেনি তিনি এবং সামি, সোহেল ও নাসিম ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে না পারায়। শেষ ব্যাটসম্যান হিসেবে জুনাইদ খান আরাফাত সানির বলে স্ট্যাম্প খোয়ালে ১ ওভার বাকি থাকতে ২৫০ রানের শেষ হয় সফরকারীদের ইনিংস।
জয়ের জন্য ওভারপ্রতি বাংলাদেশ প্রয়োজন ৫ রান। সাকিব-তামিম-মুশফিকরা কি এই টার্গেট পূরণ করে পারবেন ক্রিকেটপ্রেমী সমর্থকদের আরেকটি বাংলাওয়াশ উপহার দিতে?
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। আজকের ম্যাচে সফরকারীদের হারাতে পারলে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ কোনো টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।
আজ বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে দেড়শ ওয়ানডে খেলতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মাশরাফি বিন মুর্তজা।
এই ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। তবে পাকিস্তান দলে তিনটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সরফরাজ আহমেদ, রাহাত আলী ও সাঈদ আজমল। তাদের বদলে একাদশে জায়গা পেয়েছেন উমার গুল, জুলফিকার বাবর ও সামি আসলাম।
 
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ :
আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, হারিস সোহাইল, ফাওয়াদ আলম, সামি আসলাম, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, উমার গুল, জুলফিকার বাবর।