শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসপিকে দুধ উপহার

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের হতদরিদ্র ও পঙ্গু মো. শুক্কুর আলী (৬০) পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে নিজের গাভীর দুধ উপহার দিয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা হতদরিদ্র ব্যক্তিটির জায়গা সংক্রান্ত সমস্যার তড়িত সমাধান করে দেন। আর সেই কৃতজ্ঞতা থেকেই গতকাল শুক্রবার সকালে পুলিশ সুপারকে নিজের গাভীর দুধ উপহার দিয়েছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামানও বিষয়টি নিয়ে আপ্লুত। এ প্রসঙ্গে দুপুরে দেওয়া এক ফেসবুকে স্ট্যাটাসের শিরোনাম দিয়েছেন ‘ভালবাসা’। এতে তিনি লিখেছেন, ‘এ জীবনে অনেক সম্মান পেয়েছি যোগ্যতা থাক বা না থাক। আজ এই বৃদ্ধ দরিদ্র লোকটির কাছ থেকে আসামান্য সম্মাননা হিসাবে এ কৌটা গাভির দুধ পেলাম…’।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আরশাদ জানান, এসপি স্যার ওই ব্যক্তির জায়গার সমস্যা সমাধানে আমাকে নির্দেশ দেন। আমি নির্দেশ পেয়েই সাথে সাথে ওই দরিদ্র ব্যক্তির কাজটি করে দেই।
পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ‘দু’দিনে এসে ওই ব্যক্তিটি আমার দেখা পান। আমি তাঁর জায়গার সমস্যা সমাধানে সরাইলে ওসিকে বলি। শুক্রবার সকালে আমার বাসভবনের সামনে একটি লোক দীর্ঘক্ষণ বসে থাকার খবরে আমি তাঁকে বাসায় নিয়ে আসতে বলি। ওনার কাছ থেকে এমন উপহার পেয়ে আমি খুবই খুশি’।