এত দিনে শান্তি খুঁজছেন ওবামা
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় ঠোঁট উল্টেছিলেন অনেকে। ভাবটা ছিল—তিনি কী এমন কাজ করেছেন শান্তির জন্য? বরং ইরাক, আফগানিস্তানে দখলদারিত্ব ধরে রাখাসহ মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়ানোর অভিযোগের কারণে তীব্র নিন্দা হজম করতে হয়েছে ওবামাকে। তবে ওবামার সার্বিক কর্মকাণ্ড বিচারে ওই সময় নোবেলপ্রাপ্তিটা অপক্বই ছিল। এখন তাঁর মেয়াদের শেষপ্রান্তে এসে বলা যায়, পুরস্কারটি অন্তত জলে যায়নি।
সত্যিকার অর্থেই তখন পর্যন্ত বিশ্বশান্তির জন্য ওবামার কর্মের ভান্ডার ছিল শূন্য। নির্বাচনী লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে হারানো ছাড়া তখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কাজ করেননি ওবামা।
মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ওবামা নিঃসন্দেহে অসাধারণ। তাঁর ব্যক্তিত্ব অনন্য। তাই বলে শান্তির পুরস্কার দেওয়ার জন্য এই বিষয়গুলো নরওয়ের নোবেল কমিটির কাছে বিবেচ্য হওয়ার কথা নয়। কিন্তু সবাইকে অবাক করে ২০০৯ সালে পুরস্কারটি ওবামার হাতেই দিয়েছে নোবেল কমিটি। শান্তির জন্য কিছু না করেই সম্মানজনক এই পুরস্কার পেয়ে সম্ভবত ওবামাও হতভম্ব ও বিব্রত হয়েছিলেন। তবে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ওবামা তাঁর সেই পুরস্কারকে নানাভাবে জায়েজ করছেন।
পূর্বসূরির লাগানো ইরাকযুদ্ধ গুটিয়ে নেন ওবামা। সেখান থেকে দেশে ফিরিয়ে নেন মার্কিন সেনাদের।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তৎপর ছিলেন ওবামা। তাঁর আমলে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায়ও বসেছে মার্কিন প্রশাসন।
বুশের আমলে বন্দী নির্যাতনের জন্য মার্কিন নিয়ন্ত্রণে থাকা কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার কুখ্যাতি অর্জন করে। কারাগারটি বন্ধে ওবামাকে সোচ্চার হতে দেখা গেছে।
প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও কয়েক বছর ধরে সিরিয়ায় চলা গৃহযুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। সব দেখে-শুনে এ ব্যাপারে ওবামা বরাবরই নিশ্চুপ। যদিও অনেকের আশঙ্কা ছিল, এই বুঝি আরেকটি যুদ্ধক্ষেত্র খুলছে পেন্টাগন। তবে সে পথে হাঁটেননি ওবামা।
সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তি ওবামার সবচেয়ে বড় সাফল্য।
ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে সুইজারল্যান্ডে টানা আট দিনের আলোচনায় এপ্রিলের প্রথম সপ্তাহে ঐতিহাসিক সমঝোতা হয়। এ ‘রূপরেখা’ সমঝোতা অনুযায়ী ইরান তাদের পারমাণবিক তৎপরতা সীমিত রাখবে। বিনিময়ে তাদের ওপর আরোপিত জাতিসংঘ ও পশ্চিমা বিভিন্ন অবরোধ তুলে নেওয়া হবে।
মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস-এর কলাম লেখক টমাস ফ্রেইডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে টেকসই স্থিতিশীলতার জন্য চুক্তিটি ছিল ‘এক জীবনে একটাই সুযোগ’।
চুক্তিটি করতে ওবামা ছিলেন অনড়। এ জন্য তাঁকে ঘরে-বাইরে তীব্র বিরোধিতার মুখোমুখি হতে হয়।
চুক্তি নিয়ে রিপাবলিকানরা ওবামাকে প্রকাশ্যে শাসিয়েছে। এতে প্রত্যক্ষ উসকানি দিয়েছে ইসরায়েল। তবুও পিছপা হননি ওবামা। সব কিছু তুচ্ছ করে লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন তিনি। এই চুক্তিকে কেন্দ্র করে এক অন্য ওবামাকে আবিষ্কার করেছে বিশ্ব।
ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সমঝোতাকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। চুক্তিটিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলো।
কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতার ইতিহাস সুদীর্ঘ ৫৫ বছরের। এ বৈরিতার ইতি টানার উদ্যোগ হাতে নিয়ে ইতিহাস গড়েন ওবামা। তিনি অকপটে স্বীকার করেন, হাভানার সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখার নীতি অকার্যকর প্রমাণিত হয়েছে।
গত জানুয়ারি থেকে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি পানামা সিটিতে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ওবামা ও কিউবার নেতা রাউল কাস্ত্রো এক ঐতিহাসিক বৈঠকে বসেন। গত শতাব্দীর পঞ্চাশের দশকের পর চিরবৈরী দুটি দেশের শীর্ষস্থানীয় নেতাদের এটাই প্রথম বৈঠক। এই বৈঠক দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
পানামা সিটিতে সম্মেলনের ফাঁকে ওবামা একটি আঞ্চলিক সুশীল সমাজ ফোরামে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার বিষয়গুলোতে অবাধে নাক গলিয়েছে। তা এখন অতীত। হয়তো ওবামা শান্তির জন্য নোবেল পাওয়ার যোগ্যতা এভাবেই ঝালিয়ে নিচ্ছেন।











