সরাইলে উদ্ধারকৃত গলাকাটা লাশ কুন্ডার জামাল শ্বশুরের মামলায় ৯ মাস কারাভোগ
সরাইল প্রতিনিধি : সরাইলের অজ্ঞাত যুবকের গলাকাটা লাশের পরিচয় পাওয়া গেছে । মিলেছে তার পুরো পরিবারের ইতিবৃত্ত। যুবকটির নাম আবু জামাল (২৭)। নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মুচলেন্দপুর গ্রামের নুরু মিয়ার ছেলে জামাল। লাশ উদ্ধারের দুইদিন পর গত বৃহস্পতিবার দুপুরে তার ছোট ভাই আবু সাঈদ ছবি দেখে লাশ সনাক্ত করে। কিন্তু পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে গত বুধবার (৮ এপ্রিল) জামালের লাশ দাফন করেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। গত শুক্রবার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই গ্রামে গিয়ে লোকজনের সাথে কথা বলেছেন। বেরিয়ে এসেছে নিহত জামালের পরিবারের নানা অজানা কাহিনী। পুলিশ ও জামালের পারিবারিক সূত্র জানায়, জামালের মালেয়েশিয়া প্রবাসী পিতা নূরু মিয়া ১৮ বছর ধরে নিখোঁজ। নূরু মিয়া তিন বিয়ে করেছেন। তিনি ৮ ছেলে ও ৬ মেয়ের জনক। তৃতীয় সংসারের ৪ ছেলের মধ্যে জামাল সবার বড়। জামালের জন্ম ১৯৮৮ খ্রিষ্টাব্দে। সে ছিল ভবঘুরে স্বভাবের। জামালের ছোট ভাই সাত্তার (২৫) তালিকাভুক্ত সড়ক ডাকাত। এক সময় গ্রামের দক্ষিণ পাড়ার মুসলিম মিয়ার মেয়ে রোবেনা আক্তারের সাথে জামালের প্রেমের সম্পর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে মুসলিম মিয়া ২০০৯ খ্রিষ্টাব্দের ২০ জুন জামালের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় জামাল ৯ মাস কারাভোগ শেষে জামিনে বেরিয়ে আসে। পরে আট বছর আগে সে রোবেনাকেই বিয়ে করে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভাল যাচ্ছিল না জামালের। জামালের রয়েছে তামিম আহমেদ (০৫) নামের এক ছেলে ও মীম আক্তার (০৩) নামের এক মেয়ে। পরিবারে দেখা দেয় চরম অর্থনৈতিক দৈন্যতা। নিজের টাকা খরচ করে ১৫ মাস আগে জামাল তার স্ত্রী রোবেনাকে দুবাই পাঠায়। প্রবাসে গিয়ে পাল্টে যায় রোবেনা। স্বামী সন্তানদের কোন খোঁজ নেয় না। টাকাও পাঠায় না। এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে প্রায়ই দেন দরবার হতো জামালের। গত সোমবার (৬ এপ্রিল) বিকেলে চা সিগারেট খাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে ৪০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় জামাল। আর ফিরে যায়নি। ওদিকে তার মা ভাইয়েরা চারিদিকে তাকে খুঁজতে থাকে। গত বৃহস্পতিবার সরাইলের হাসপাতাল মোড়ে এসে তারা অজ্ঞাত গলাকাটা যুবকের লাশের খবর পায়। দ্রুত চলে যায় থানায়। ছবি দেখে তারা জামালের লাশ সনাক্ত করে। নিহত জামালের স্বজনরা এ ঘটনার জন্য শ্বশুর বাড়ির লোকজনকেই দায়ী করছে। ওদিকে জামালের লাশের খবর পেয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে জামালের শ্বশুর বাড়ির লোকজন। জামালের লাশ ফেরত পেতে আজ (রোববার) আদালতে আবেদন করবে পরিবারের লোকজন। প্রসঙ্গত: গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের মহালদারা ও বছিউড়া গ্রামের মধ্যবর্তী স্থানে ফসলি জমি থেকে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় উপ-পরিদর্শক মো: শফিকুল ইসলাম বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদস্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল আলীম বলেন, ক্লু-বিহীন জটিল এ মামলার তদন্ত চলছে।











