আইপিএলের প্লে-অফের সূচি
স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে ২০২০ আইপিএল এখন শেষের পথে। মঙ্গলবার শেষ হলো লিগ পর্বের খেলা। মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচটি দিয়েই নিশ্চিত হয়েছে প্লে-অফে খেলতে যাচ্ছে কোন চার দল।
অবশ্য তিনটি দল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ দলের জন্য ছিল অপেক্ষা।
আগেই শীর্ষ স্থান নিশ্চিত করে ফেলা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে হায়দরাবাদ।
নেট রানরেট ভালো থাকায় ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ উঠে এসেছে তিন নম্বরে। চারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। যে দল হারবে বিদায় নিতে হবে তাদের। আর জয়ী দলকে ফাইনালের পথে লড়তে হবে আরো এক ম্যাচে।
বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলবে শীর্ষে থাকা মুম্বাই ও দ্বিতীয় স্থানে থাকা দিল্লি। এই ম্যাচে হেরে যাওয়া দল এলিমিনেটর ম্যাচে জয়ীদের বিপক্ষে খেলবে ৮ নভেম্বর। ১০ নভেম্বর ফাইনাল। যেখানে মুখোমুখি হবে দুই কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দল।
প্লে-অফের সূচি:-
৫ নভেম্বর (বৃহস্পতিবার):- মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (প্রথম কোয়ালিফায়ার, দুবাই, রাত ৮টা)
৬ নভেম্বর (শুক্রবার):- সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (এলিমিনেটর, আবুধাবি, রাত ৮টা)
৮ নভেম্বর (রবিবার):- দ্বিতীয় কোয়ালিফায়ার (আবুধাবি, রাত ৮টা)।











