সৌদি জোটকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে দ্রুত অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরের সময় এ ঘোষণা দিয়েছেন।
ইয়েমেনে বিমান হামলায় সহায়তা করতে এ অস্ত্র সরবরাহ করা হবে। অস্ত্র দেয়ার পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন জোটকে গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করার ঘোষণা দিয়েছেন ব্লিনকেন।
শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের পরাজিত করতে দু সপ্তাহ ধরে সানা এবং এডেন শহরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে আরব জোট। জাতিসংঘ জানিয়েছে, গত দুই সপ্তাহের ওই হামলায় ইয়েমেনে নিহত হয়েছে ৫৪০ জন এর বেশি মানুষ। আহত হয়েছে প্রায় দুই হাজার।
ইউনিসেফ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৭৪ জনই শিশু। হামলায় বাস্তুচ্যূত হয়েছে আরো এক লাখ মানুষ।
মঙ্গলবার মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন জানিয়েছে, তারা সৌদি আরবকে সমর্থন করতেই দ্রুত অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরব জোটের বিমান হামলাকে সমর্থন করে আরো বলেছেন, তাদের এই পদক্ষেপ হুতি এবং তাদের মিত্রদের জন্য একটি শক্তিশালী বার্তা। সে বার্তাটি হচ্ছে, জোর করে ইয়েমেন দখল করা যাবে না।











