নেত্রকোনায় একই কক্ষ থেকে ভাবির গলাকাটা লাশ ও আহত দেবরকে উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ভাবির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার এক দেবরকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার ভোর ৩টার দিকে উপজেলা সদরে পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোর্শেদা খাতুন, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম এবং ময়মনসিংহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত লিপি আক্তার (৩৫) ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং গলাকাটা অবস্থায় গুরুতর আহত লিপির চাচাতো দেবর রাসেল (২৮) একই বাড়ির আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লিপির স্বামী আজিজুল বিজিবিতে পঞ্চগড়ে কর্মরত এবং এ দম্পতির আলিফ (১২) নামে এক ছেলে সন্তান রয়েছে।
ঘটনার দিন রাতে লিপি তার ছেলেকে নিয়ে নিজ ঘরের এক কক্ষে ও লিপির দেবর সিরাজুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে একই ঘরের অন্য কক্ষে ঘুমাচ্ছিলেন। ভোর ৩টার দিকে হঠাৎ ঘরে শব্দ শুনে সিরাজুল ইসলাম দম্পতি জেগে দেখেন ঘরের মেঝেতে লিপি ও রাসেল গলা কাটা অবস্থায় পড়ে রয়েছেন। তাদের ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে আহত দু’জনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিপিকে মৃত ঘোষণা করেন। রাসেলকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত লিপির শ্বশুর জালাল উদ্দিন দেশ রূপান্তরকে জানান, তার ছেলে আজিজুলের দাম্পত্য জীবন ভালো চললেও গত ৩-৪ বছর ধরে লিপির সঙ্গে রাসেলের পরকীয়ার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। এক সপ্তাহ আগে তার ছেলে আজিজুল ছুটিতে বাড়িতে এসে এ নিয়ে পারিবারিকভাবে দেন-দরবার করে কর্মস্থলে ফিরে যান। কি কারণে ও কীভাবে ঘটনাটি ঘটেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না।
এ ব্যাপারে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সদর মোর্শেদা খাতুন দেশ রূপান্তরকে বলেন, ঘটনাস্থল থেকে কাগজ কাটার এন্টিকাটার উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে ঘটনার প্রকৃত কারণ বলা যাচ্ছে না।
নিহতের চাচাতো দেবর রাসেল ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে জিজ্ঞাসাবাদের পর প্রকৃত কারণ যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।











