গণধর্ষণের ঘটনায় আরও ৩ জন রিমান্ডে
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তাঁর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আরো তিনজনের পাঁচ দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
যে তিনজনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন-মামলার এজহারভুক্ত আসামি মাহবুবুর রহমান রনি, সন্দেহভাজন আসামি রাজন ও আইনুদ্দিন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানিকালে আসামিদের পক্ষে কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এ নিয়ে এই মামলায় এজাহারনামীয় পাঁচ আসামিসহ গ্রেপ্তার সাতজনের মধ্যে ছয়জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হলো।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামী-স্ত্রী এমসি কলেজে বেড়াতে যান। এসময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে গণধর্ষণ করে তারা।











