সাইকোলজিতে যেভাবে ক্যারিয়ার গড়বেন
লাইফস্টাইল ডেস্ক : সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যায় পড়ে নানাভাবে মানসিকভাবে চাপে থাকে মানুষ। শারীরিক সমস্যা থেকে শুরু করে নানাভাবে নিগ্রহের শিকার হওয়ায় দিন দিন মানসিক বিপর্যস্ততা বেড়েই চলেছে মানুষের মধ্যে।
এর থেকে সমাধান পেতে দ্বারস্থ হতে হয় একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীর কাছে। সব ধরনের মানসিক সমস্যা নিরসনের জন্য নির্ভরযোগ্য তিনি। ফলে দেশে এ পেশার চাহিদাও বাড়ছে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যেমন-হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্র, মানসিক স্বাস্থ্য গবেষণা ও সেবা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও এনজিওগুলোতে স্থায়ী ও অস্থায়ীভাবে কাজের সুযোগ আছে সাইকোলজিস্টদের।
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন হয়, ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া অনেকে ফ্রিল্যান্সিংও কাজ করেন। মানসিক সেবা প্রদানের নিজস্ব চেম্বারও গড়ে তুলেছেন অনেকে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ও গবেষণা ইনস্টিটিউট, জাতীয় মানসিক হাসপাতাল-পাবনা, জাতীয় ট্রমা সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে সাইকোলজিস্টরা কাজ করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং ইউনিটসহ রাজধানীর বড় বড় স্কুল-কলেজে রয়েছে স্কুল সাইকোলজিস্টের পদ।
হাসপাতালগুলোতে মনোরোগ চিকিৎসকের পাশাপাশি ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা কাজ করে থাকেন। মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা দেয়া ছাড়াও এ নিয়ে গবেষণা করে থাকেন তারা।
মানসিক সমস্যার সমাধানের জন্য মানুষ বেশির ভাগ সময় কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে থাকে। মনস্তত্ত্বের জৈবিক, সামাজিক, ও পরিবেশগত দিক পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তির মানসিক অবস্থার মূল্যায়ন করেন ও সমস্যা সমাধানের পথ দেখান।
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত সাইকোলজিস্টরা খেয়াল রাখেন পড়ার চাপের ফলে শিক্ষার্থীদের যেন কোনো মানসিক সমস্যা দেখা না দেয়। এ ছাড়া বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের মানসিক পরিবর্তনের সময় সহায়তা করেন। পাশাপাশি শিক্ষাদান প্রক্রিয়াকে কার্যকরী ও শিক্ষার্থীবান্ধব করতে গবেষণা করেন।
শিল্প কারখানায় নিয়োগপ্রাপ্ত সাইকোলজিস্টরা শিল্পে কর্মীদের নানা মানসিক সমস্যার সমাধান ও তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং সুস্থ কাজের পরিবেশ তৈরি করতে ভূমিকা রাখেন।
সামাজিক ও গোষ্ঠীগত মানুষের আচরণের জন্য এনজিওগুলো গবেষণা চালিয়ে থাকে। সেখানে কাজ করেন সাইকোলজিস্টরা। এ ছাড়া খেলোয়াড়দের মনোবল বাড়ানো ও অনুপ্রেরণা তৈরি করতে সাইকোলজিস্টরা করেন।
কারাবন্দীদের ইতিবাচক মানসিকতা তৈরি করতে ও অপরাধজগৎ থেকে নিবৃত্ত রাখতে কারাগারগুলোতেও সাইকোলজিস্ট নিয়োগ দিয়ে থাকে সরকারি কর্তৃপক্ষ।











