শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ

news-image

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : নাব্যতা সংকটের কারণে দেড় মাসের ব্যবধানে চতুর্থবারের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার দুপুরে এ নৌরুটের লৌহজং টার্নিং চ্যানেলে নাব্য সংকট দেখা দিলে বেলা ২টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি বন্ধ হওয়ায় নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে ছোট-বড়ো মিলিয়ে আটকা পড়েছে প্রায় ৩ শতাধিক গাড়ি।

দুর্ভোগের আরেক নাম এখন শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট- এমনটি দাবি করে খুলনাগামী যাত্রী আবদুল মালেক শেখ বলেন, ‘আমরা সব সময় এ পথ দিয়ে গ্রামের বাড়ি ও ঢাকার কর্মস্থলে যাতায়াত করি। একমাস ভালোভাবে যেতে পারলে ২ মাস ভোগান্তিতে পড়তে হয়। আমরা যাত্রীসাধারণ খুব অসহায় হয়ে পড়েছি। গত শনিবার রাত ৯টার সময় ঘাটে এসেছি। সারা রাত ফেরি বন্ধ থাকার পর দুপুরে আমার গাড়িটি ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এখন আমি আমার পরিবার নিয়ে কী করবো ভেবে পাচ্ছি না।’

বরিশালগামী পণ্যবাহী ট্রাক ড্রাইভার মোতালেব আলী জানান, ড্রাইভারের জীবন একটি অভিশপ্ত জীবনে পরিণত হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত এখানে ফেরির জন্য অপেক্ষা করতে হয়। মন্ত্রীরা কেন কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছেন না।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়েত আহমেদ জানান, নাব্যতা সংকটের কারণে রাতে প্রায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সকালে ছোট ৫টি ফেরি নৌরুটের লৌহজং টার্নিং চ্যানেল হয়ে যানবাহন পারাপার করছিল। তবে চ্যানেলে পানির উচ্চতা কম হওয়ায় সকাল থেকেই বিঘ্ন পরিস্থিতি তৈরি হয়। দুপুরে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে আসা ছোট ফেরি কুমিল্লা নাব্যতা সংকটে চ্যানেলের মাঝে আটকে যায়। এমন পরিস্থিতিতে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে আসা আরও ২টি ফেরি কাকলী ও ক্যামেলিয়া কাঁঠালবাড়ি ঘাটে ফিরে যায়। বর্তমানে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ায় দুপুর ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। নাব্যতা সংকট কেটে গেলে আবারও ফেরি চালু হবে বলে জানান এ কর্মকতা।

মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন জানান, দুপুরে নাব্যতা সংকটের কারণে ফেরি বন্ধ হবার কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছোট গাড়ির থেকে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

উল্লেখ্য, বিগত কয়েক মাস যাবত চ্যানেলে নাব্যতা সংকটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশপথ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরির অচলাবস্থা তৈরি হয়েছে। নাব্য সংকটের কারণে কয়েক দফা ফেরি চালু ও বন্ধ হওয়ায় এ নৌরুটে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ