শ্বাসরোধ করে সুশান্তকে হত্যা করা হয়েছে : পারিবারিক আইনজীবী
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন সুশান্তর পারিবারিক আইনজীবী বিকাশ সিং।
আইনজীবী বিকাশ সিংয়ের দাবি, এই মামলায় ফরেনসিক পরীক্ষা চালিয়ে যাওয়া অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইএমএস) চিকিৎসকরা তাকে এ তথ্য জানিয়েছেন।
যদিও মুম্বাই পুলিশ জানিয়েছে শান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে।
বিকাশ শুক্রবার টুইটারে বলেন, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) প্রতিবেদনে তিনি ‘হতাশ’ হয়েছেন এবং চিকিৎসকরা তাকে ‘অনেক আগে’ বলেছেন সুশান্ত সিংহের দেহের ছবিগুলো ইঙ্গিত দেয় যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে (৩৪) ১৪ জুন মুম্বাইয়ের তার নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। মুম্বাই পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা এবং তিনি হতাশায় ভুগছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃত্যুর প্রায় একমাস পর বিহারের রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কে কে সিং। সেখানে রিয়া চক্রবর্তীসহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ।
পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তবে সুশান্তের অসংখ্য ভক্ত আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না।











