সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচনে রাতে ভোট হওয়ার সুযোগ নেই, জানালেন সিইসি

news-image

পাবনা প্রতিনিধি : পাবনা-৪ আসনের উপনির্বাচনে রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তবে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ সময় সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান- বর্তমান নির্বাচন কমিশনের ওপর বিএনপিসহ বিরোধী অন্য রাজনৈতিক দলের আস্থা নেই। ইতোপূর্বে নির্বাচনে অনেক স্থানে রাতেই ভোট কেটে নেয়ার অভিযোগ উঠেছে। পাবনা-৪ আসনের উপনির্বাচনেও এমনটি হবে কিনা?

জবাবে নুরুল হুদা বলেন, ‘ব্যালট পেপার সকালে যাবে। কাজেই রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এর পরও জীবন থেমে নেই। অনেক দেশ এর মধ্যেই নির্বাচন করছে, আবার অনেকেই করছে না। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে আমাদের কমিশন।’

ভোটের দিন ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ করেন তিনি।

পরে সিইসি জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় যোগ দেন।

এ সময় নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে নুরুল হুদা বলেন, ‘আমার হাতে আর কিছু নেই। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা দরকার সবই আপনাদের দিয়েছি। আপনারা সুষ্ঠুভাবে ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি।’

সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবদুল মান্নান, পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, পাবনা-৪ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল আলম, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক আমিনুল কবির তরফদার এবং এনএসআই, ডিজিএফআইসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার পাবনা সার্কিট হাউসে উপনির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান ও ভোটকেন্দ্র পরিদর্শন করবেন।

প্রসঙ্গত পাবনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গত ২ এপ্রিল ইন্তেকাল করায় ওই আসনে আগামী ২৬ সেপ্টেম্বর নির্বাচন হচ্ছে।

এতে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলার তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী