হিলি দিয়ে আসা পেঁয়াজের অধিকাংশই পচা
হিলি (দিনাজপুর) সংবাদদাতা : হিলি স্থলবন্দর দিয়ে শনিবার বাংলাদেশে আসা পেঁয়াজের অধিকাংশই পচে নষ্ট হয়ে গেছে। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে এসব পেঁয়াজ সীমান্তে আটকে ছিল। পেঁয়াজ নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকেরা।
এসব পেঁয়াজ বহনকারী ভারতীয় ট্রাক পাঁচদিন ধরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ছিল। সেসময়ই প্রচণ্ড গরমে নষ্ট হতে শুরু করে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পেঁয়াজ নিয়ে আসা ট্রাকের চালক ও খালাসের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্টদের ভাষ্য, ট্রাকভেদে ৩০ থেকে ৫০ শতাংশ পেঁয়াজ পচে গেছে।
এদিকে বন্দরের মোকামে একটু ভালো মানের পেঁয়াজ পাইকারি ৫০-৫৫ টাকায় বিক্রি হলেও পচা বা নষ্ট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। আনুষ্ঠানিক ঘোষণা আসে সন্ধ্যায়। এর ফলে হিলি সীমান্তে ২৫০টির বেশি পেঁয়াজবোঝাই ভারতীয় ট্রাক আটকা পড়ে। ভারত রপ্তানি বন্ধ করার পর বাংলাদেশে দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারতের কর্তৃপক্ষ গত ১৮ সেপ্টেম্বর এক সিদ্ধান্তে শুধু ১৩ সেপ্টেম্বর এলসি করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়। ফলে গত শনিবার সীমান্তে আটকে থাকা ১১টি ট্রাকে ২৪৬ টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়। তবে সীমান্তে আটকে থাকা ১০ হাজার টন পেঁয়াজের অনুমতি দেওয়া হয়নি। এ কারণে রোববার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসেনি।
তিনি আরও জানান, শনিবার যেসব পেঁয়াজ দেশে নেওয়া হয়েছে তার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এতে বন্দরের ব্যবসায়ীরা অর্ধকোটি টাকার লোকসানে পড়েছেন।
সাইফুল ইসলাম নামে এক পেঁয়াজ আমদানিকারক বলেন, ‘কিছুদিন পরপরই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে আমরা লোকসানের মুখে পড়ি। দুই দেশের সরকারকেই বিষয়টি সুরাহা করার আহ্বান জানাই। তাহলে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতাম না, বাজারও নিয়ন্ত্রণে থাকত।











