শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধকবলিত ইয়েমেনে প্রবাসী বাংলাদেশীদের অসহায়ত্ব: দেশে ফেরানোর চেষ্টা চলছে

houthi_bgআন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের কবলে পড়া দেশ ইয়েমেনে রয়েছেন বেশকিছু প্রবাসি বাংলাদেশী। আটকা পড়া এইসব প্রবাসীরা অসহায় দিন কাটাচ্ছেন।

প্রায় ১১ বছর ধরে সানায় বসবাস করছেন জহিরুল ইসলাম। বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন, সন্ধ্যা থেকে শুরু করে ফজরের আযান পর্যন্ত নিরন্তর বিমান হামলা চলে। এ অবস্থায় এক রকম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।। তিনি জানান, সানাতে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। শুকনা খাবারে দিন কাটছে তাদের।

সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। ব্যাংক বন্ধ, আর তাই সব রকম আর্থিক আদান প্রদান বন্ধ হয়ে আছে। শ্রমিক যারা রয়েছেন তারা বেতন নিতে পারছেন না বলে জানান জহির। এ অবস্থায় ইয়েমেনে বাংলাদেশের কোন দূতাবাস না থাকায়, সবমিলে অসহায়ত্ব আঁকড়ে ধরেছে তাদের।

বাংলাদেশ সরকারের তরফে কুয়েতের দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে তাদের। তবে জহিরুল ইসলাম বিবিসিকে জানান, কুয়েত দূতাবাস থেকে ফোন করে কয়েকজনের খোঁজ নেওয়া হয়েছে। তবে এতে মোটেই আশস্ত হতে পারছেন না সেখানকার বাংলাদেশিরা। দেশে ফিরে আসার ব্যাপারে সহযোগিতা পেতে প্রতিদিন ভারতের দূতাবাসের সামনে লাইনে দাড়িয়ে রয়েছেন কয়েকশ বাংলাদেশী।

ঢাকার কর্তৃপক্ষ বলছে, ইয়েমেনে মোট বাংলাদেশীর সংখ্যা প্রায় তিন হাজার। কিন্তু সেখানকার বাসিন্দারা বলছেন এই সংখ্যা তার তিনগুণ বেশি হবে। এদিকে নিরাপদে তাদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং ভারত সরকারের সাথে কথাবার্তা বলছে। এদিকে বুধবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার আমরা দু’জন কর্মকর্তাকে কুয়েত থেকে জিবুতি পাঠাচ্ছি। এরপর তারা ইয়েমেনের ইডেনে যাবেন। সেখানে ওই দুই কর্মকর্তা বাংলাদেশি নাগরিকদের শনাক্তে কাজ করবেন। এছাড়া তারা বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জাহাজে উঠতে সাহায্য করবেন।

আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ভারতের কাছে সহযোগিতা চাওয়ার পর দেশটি তাতে সম্মত হয় বলে গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্রসচিব শহিদুল হক। পররাষ্ট্রসচিব জানান, এরইমধ্যে ইয়েমেনে জলপথে একটি জাহাজ পাঠিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যদি ওই জাহাজে বাংলাদেশিদের নিয়ে আসার জায়গা থাকে তাহলে তারা নিয়ে আসবে।

এদিকে আইএমও, সৌদি আরবের দূতাবাস ও কুয়েতের দূতাবাসের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছিলেন শহিদুল হক।