রোনালদোর চ্যালেঞ্জ নিলেন না মেসি
স্পোর্টস ডেস্ক : অনেক নাটকের পর শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। ফলে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর অপেক্ষা বাড়ল!
হ্যাঁ, অপেক্ষাই। আর্জেন্টাইন তারকাকে যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রেখেছেন পর্তুগিজ বরপুত্র রোনালদো। যে চ্যালেঞ্জটা অন্তত এ মৌসুমে নিলেন না মেসি।
সময়ের সেরা দুই ফুটবলার তারা। এক যুগেরও বেশি সময় ধরে এই দুজনের দ্বৈরথ ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হয়ে আছে। একটা সময় দুজন খেলেছেন স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। মেসি বার্সায় আর রোনালদো রিয়াল মাদ্রিদে। তখন দুজনের ব্যক্তিগত দ্বৈরথের মুখর সময় ছিল।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। তাতে এই দুইয়ের ব্যক্তিগত দ্বৈরথে ভাটা পড়ে বেশ খানিকটা। আলাদা লিগে খেলার কারণে মুখোমুখি লড়াইটা যে আর হয় না!
তবে ২০১৮ সালেই মেসিকে ইতালিতে যাওয়ার চ্যালেঞ্জ দিয়ে রেখেছিলেন রোনালদো। সি আর সেভেন বলেছিলেন, ‘আমি চাই সে (মেসি) একদিন ইতালিতে আসবে। আশাকরি আমার মতো সে তার নিজের স্বাচ্ছন্দ্যময় জায়গা (বার্সেলোনা) ছেড়ে এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে।’
২০২০-২১ মৌসুমের আগে চলমান দলবদলে মেসি বার্সার ছাড়ার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছিলেন। ক্লাবকে নিজের সিদ্ধান্ত জানিয়েও দেন। শেষ পর্যন্ত অবশ্য শুক্রবার নিজের সিদ্ধান্ত বদলেছেন মেসি। সেটা নিজের ইচ্ছের বিরুদ্ধেই।
রোনালদো অবশ্য মেসিকে ইতালিতে যাওয়ার চ্যালেঞ্জ দিলেও এও বলেছিলেন, ‘সে যদি বার্সেলোনায় সুখী থাকে, তবে আমি সেটাকে সম্মান করি।’
মেসি বার্সা ছাড়লে কোথায় যেতেন? আলোচনায় ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি এগিয়ে ছিল। তবে ইতালিয়ান ক্লাব ইন্তার মিলানও ছিল আলোচনায়। ইন্তারে গেলে রোনালদোর চ্যালেঞ্জটা নেওয়া হয়ে যেতো মেসির।
রোনালদো এও বলেছিলেন, ‘আমি ইতালিতে আসার আগে ইংল্যান্ড, স্পেন, পর্তুগালে খেলেছি। কিন্তু সে এখনো স্পেনে আছে…। আমি আমার স্বাচ্ছন্দ্যের জায়গা ছেড়ে তুরিনের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমি দেখিয়েছি যে, আমি এখনো অবিশ্বাস্য খেলোয়াড়।’
মানুষ মেসির প্রশংসাও করেছিলেন রোনালদো, ‘সে দুর্দান্ত একজন খেলোয়াড় ও অসাধারণ একজন মানুষ।’











