অভিনেতা শাহরিয়ার শুভর অবশেষে সন্ধান মিলেছে
বিনোদন প্রতিবেদক : অভিনেতা শাহরিয়ার শুভর সন্ধান মিলেছে অবশেষে। তিনি এখন জামালপুরের সরিষাবাড়ি ডাকবাংলোতে নিরাপদে আছেন। রোববার এ তথ্য নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
গত দুই দিন ধরে শাহরিয়ার শুভর কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। একাধিক প্রত্যক্ষদর্শী ফেসবুকে শুভর কিছু ছবি পোস্ট করেন। ফেসবুকে লেখেন, ‘সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এই ব্যক্তিকে। জিজ্ঞেস করলেও কোনো কথার উত্তর দেয় না। মনে হয় মানসিক ভারসাম্যহীন। কেউ যদি উনাকে চিনে থাকেন, তাহলে অতি তাড়াতাড়ি সরিষাবাড়ি হাসপাতালে যোগাযোগ করুন।’
ওই পোস্ট শেয়ার দিয়ে শুভর খোঁজ জানতে চেয়েছেন বেশিরভাগ শিল্পী-নির্মাতা। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। সরিষাবাড়ি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, এমন একটি লোককে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি গত শনিবার ভোর রাতে পালিয়ে যান।
গতকাল রাতে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘আমি ও নাসিম ভাই কনটিনিউ খোঁজ নিচ্ছি। শুভর মায়ের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তিনিও জানেন না শুভ কোথায়। এর মধ্যে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করালেও সেখান থেকে পালিয়ে যায়। তবে আমরা স্থানীয়দের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছি। খবর পেলেই যেন জানায়। এমনকি পুলিশ সদর দপ্তরে খবরটি জানিয়েছি।’
সবার প্রচেষ্টায় অবশেষে আজ দুপুরের দিকে শাহরিয়ার শুভর খোঁজ মেলে। নিয়ে যাওয়া হয় ডাকবাংলোতে। দেওয়া হয় চিকিৎসা সেবা।
অনেকেই ধারণা করছিলেন, গত তিন-চার বছর ধরে মিডিয়া থেকে বাইরে ছিলেন শুভ। ছিল পারিবারিক নানা জটিলতাও। প্রচলিত রয়েছে, মাদকাসক্ত হয়ে শাহরিয়ার শুভর বর্তমান পরিস্থিতি হয়েছে।
তবে আহসান হাবিব নাসিম বলেন, ‘শুভর সঙ্গে সরাসরি আমার কথা হয়েছে। তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, মাদকাসক্ত বা পাগল হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা নেই এখানে। শুভ সেখানে গিয়েছেন একটি শুটিংয়ে। একদিন মাঝে বিরতি ছিল। তাই সে সরিষাবাড়ি এলাকাতেই অবস্থান করছিল। এর মধ্যে একটি দোকানে চা পান করতে যায়। মূলত এরপর কী হয়েছে সে আর জানে না।’
নাসিমের মতে, শাহরিয়ার শুভকে চায়ের সঙ্গে নেশা জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছে। এবং তার মোবাইল ফোন, ঘড়ি, মানিব্যাগসহ যা ছিল সব নিয়ে গেছে। মূলত, এরপর থেকেই গেল তিন দিন শুভ সরিষাবাড়ি এলাকার বিভিন্ন স্থানে পাগলের মতো ঘুরে বেড়িয়েছেন।
এর মধ্যে স্থানীয়দের উদ্যোগে চিকিৎসক দেখানো হয়েছে। চিকিৎসকও জানিয়েছেন, তাকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে নিয়মিত টিভি নাটকে অভিনয় করছিলেন শাহরিয়ার শুভ। এর মধ্যে শতাধিক টিভি নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। শিহাব শাহীনের ‘ভালোবাসার চতুষ্কোণ’, ডি এ তায়েবের ‘ডিবি’, নিমা রহমানের ‘গুলশান অ্যাভিনিউ’সহ শূন্য দশকের প্রায় সব নির্মাতার সঙ্গে কাজ করেছেন শুভ। তবে গেল তিন বছর তিনি নিজেকে গুটিয়ে নেন ব্যক্তিগত কারণে।











