করোনায় সংক্রমিত পগবা
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা করোনায় সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার রিপোর্ট আসার পর ফ্রান্সের জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি।
সেপ্টেম্বরের ৫ এবং ৮ তারিখ নেশন্স লিগে যথাক্রমে সুইডেন-ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। চার দলের এই লিগে পগবার বদলে ডাকা হয়েছে এদুয়ার্দো কামাভিঙ্গাকে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম সাংবাদিকদের বলেন, ‘একদম শেষ মুহূর্তে দলে আমাকে পরিবর্তন আনতে হচ্ছে। পগবা করোনায় আক্রান্ত।’
পগবার করোনা পজিটিভের খবর ম্যানইউকেও চিন্তায় ফেলবে। বুধবার থেকে তাদের প্রাক-মৌসুম পর্বের অনুশীলনে নামার কথা।
ম্যানইউর আশা, প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের আগেই সেরে উঠবেন পগবা। ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইউনাইটেড।
২০১৯-২০ ফুটবল মৌসুম শেষ হওয়ার পর ইংল্যান্ডেই আছেন পগবা। পরিবারে নতুন অতিথি আসার খবরে বেশ ভালোই সময় কাটছিল তার। গত শনিবার লন্ডনের অভিজাত এক রেস্তোরাঁয় তাকে তার গর্ভবতী স্ত্রী মারিয়া ও বন্ধুদের সঙ্গে দেখা যায়।
এরপর গত বুধবার ২৭ বছর বয়সী ফ্রেঞ্চ মিডফিল্ডারের করোনা পরীক্ষা হয়, আর বৃহস্পতিবারেই পেলেন এমন খবর!











