টেস্ট বাঁচানোর সুযোগ পাকিস্তানের সামনে
স্পোর্টস ডেস্ক : ফলোঅনে পড়েও সাউদাম্পটন টেস্টে ড্র করার সুযোগ পাকিস্তানের সামনে। ইংলিশ আবহাওয়াই সফরকারীদের এই সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। অন্যদিকে বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর তৃতীয় ম্যাচেও এখন জয় হাতছাড়া হওয়ার শঙ্কায় ইংল্যান্ড।
ফলোঅনে পড়া পাকিস্তান সোমবার ম্যাচের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে ৫৬ ওভারের বেশি খেলা হতে পারেনি। তাতে ২ উইকেটে ১০০ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান।
এখনো অতিথিরা ২১০ রানে পিছিয়ে। কিন্তু শেষ দিনটা কোনো মতে কাটিয়ে দিতে পারলেই ড্র হবে টেস্ট। সাউদাম্পটনের আবহাওয়া তো শুরু থেকেই পাকিস্তানের দিকে সহায়তার হাত বাড়িয়ে রেখেছে। তাই সেটা অসম্ভবও নয়।
ইংল্যান্ড ৮ উইকেটে ৫৮৩ রানে তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল। বিপরীতে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ২৭৩ রানে। ৩১০ রানের লিড নিয়েও তারা এখন শঙ্কায় জয় হাতছাড়া হওয়ার। শেষ দিনে ৮ উইকেট চাই ইংল্যান্ডের।
পাকিস্তানের প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান (অপরাজিত ১৪১) আজহার আলি ২৯ রান নিয়ে ব্যাট করছেন। ৪ রানে অপরাজিত বাবর আজম। এর আগে শান মাসুদ ১৮ রান করে ব্রডের বলে ফিরেছেন। ৪২ রান করা আবিদ আলিকে নিজের শিকার বানান জেমস অ্যান্ডারসন। ৬০০ উইকেটের মাইলফলক থেকে তিনি আর ১ উইকেট দূরে।
সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড। ম্যাচটি ড্র হলেও সিরিজ জিতে যাবে জো রুটের দল।











