নিজের স্বার্থে সুশান্তর মৃত্যুকে ব্যবহার করছেন কঙ্গনা
বিনোদন ডেস্ক : প্রথম থেকেই সুশান্ত রাজপুত সিং-এর মৃত্যু রহস্য নিয়ে সরব কঙ্গনা রনৌত। এ প্রসঙ্গে বলিউডের নেপোটিজম, ফেভারিটজম ও নানা অন্ধকার দিক নিয়ে ক্রমাগত কামান দেগে যাচ্ছেন। তার আক্রমণের শিকার হয়েছেন বলিউডে নামি তারকা ও নির্মাতারা।
অনেকে সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, কীভাবে সুশান্তকে ইন্ডাস্ট্রিতে একঘরে করে রাখা হয়েছিল। কাজ দেওয়া হতো না। বারবার আদিত্য চোপড়া, করণ জোহর, মহেশ ভাটের দিকে আঙুল তুলেছেন।
কিন্তু সুশান্তর পরিবার বিহারে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন সেখানে নেপোটিজম বা ইন্ডাস্ট্রির ওপর সরাসরি কোনো অভিযোগ নেই। সুশান্তকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে এইরকম কিছুর উল্লেখও নেই। বরং অভিনেতার বান্ধবী ও বন্ধুদের নিয়ে তাদের যত প্রশ্ন ও অভিযোগ। সুশান্তর ওপর তারা সবাই অত্যাচার চালাতেন বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি সুশান্তর পারিবারিক আইনজীবী বিকাশ সিং কঙ্গনার অভিযোগ খারিজ করে দেন এবং নায়িকার কথাকে গুরুত্বহীন বলে দাবি করেন।
বিকাশ পিঙ্কভিলায় এক সাক্ষাৎকারে বলেন, “উনি নিজের স্বার্থসিদ্ধি, ব্যক্তিগত সমস্যা মেটাতে এবং অন্যদের প্রতি আক্রমণ করতেই সুশান্তর মৃত্যুকে ঢাল হিসেবে বেছে নিয়েছেন। কঙ্গনা নিজের আখের গোছানোর তালে রয়েছেন। পরিবারের তরফে তাদের যা দাবি সব এফআইআরে লেখা রয়েছে।”
তবে বিকাশ স্বীকার করেন— ইন্ডাস্ট্রিতে নেপোটিজম রয়েছে। সুশান্তকেও এর শিকার হতে হয়েছিল। কিন্তু এই তদন্তে নেপোটিজম ইস্যু একেবারেই মুখ্য নয়।
তিনি বলেন, “যে ইস্যু কঙ্গনা উত্থাপন করেছেন তা সঠিক। কিন্তু তিনি সুশান্ত সিং রাজপুতের প্রতিনিধি নন বা তার হয়ে মামলা লড়ছেনও না। তিনি ইন্ডাস্ট্রির সাধারণ সমস্যা তুলে ধরছেন। হতে পারে সুশান্ত স্বজনপোষণের শিকার। কিন্তু কঙ্গনা তার প্রতিনিধিত্ব করছেন না। সুশান্তর জন্য তিনি কিছুই করছেন না, নিজের কাজ করছেন।”
বর্তমানে সুশান্তর মৃত্যুর তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার রাতে মুম্বাই পৌঁছেছে সিবিআই-এর ১০ সদস্যের বিশেষ দল। নেতৃত্বে রয়েছেন এসপি নুপুর প্রসাদ। শুক্রবার সকাল থেকেই তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দুটি দলে ভাগ হয়ে তারা তদন্ত প্রক্রিয়ার কাজ করছে। একটি দল এই মামলার রেকর্ড সংগ্রহের জন্য মুম্বাই পুলিশের সঙ্গে দেখা করে। অন্য দল সুশান্তর কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চালান। পাশাপাশি বাড়ি তল্লাশির কথাও রয়েছে।
সম্প্রতি সুশান্তর বাবার করা মামলার সূত্র ধরে দুই দফা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন রিয়া। সামনে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। রিয়ার আইনজীবী জানান, তার মক্কেল যে কোনো সময় প্রশ্নের উত্তর দিতে রাজি।











