পর্বতারোহী রেশমার মৃত্যুতে মাশরাফীর শোক
নড়াইল প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী, সাইক্লিস্ট ও দৌড়বিদ রেশমা নাহার রত্নার (৩৪) অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা।
শুক্রবার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেশমার।
রেশমা নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদারের (বীর বিক্রম) ছোট মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
রেশমার অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফী।
এক শোকবার্তায় তিনি লিখেছেন, নড়াইল জেলার কৃতি সন্তান রেশমা নাহার রত্না। তার বাবা আফজাল হোসেন সিকদার একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ও সম্ভাবনাময়ী এই অভিযাত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এদিকে রেশমার অকাল মৃত্যুতে নড়াইলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাজধানীর লেক রোডে একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে রেশমার সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রেশমা নাহার রত্না ৬ হাজার মিটারের দুটি পর্বতে সফল অভিযানের পর বেশ আলোচনায় আসেন। ২০১৬ সালে বাংলাদেশের পাহাড় কেওক্রাডংয়ের চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয় তার পর্বত অভিযান। এরপর আর থেমে থাকেননি। ওই বছর মৌলিক প্রশিক্ষণের জন্য ভারতের উত্তরাখন্ডের উত্তরকাশিতে অবস্থিত পর্বতারোহণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান নেহরু ইনস্টিটিউট অব মাউন্টিনিয়ারিংয়ে যান তিনি। কিন্তু অ্যাডভান্স বেজক্যাম্পে যাওয়ার পর তার পায়ে ফ্র্যাকচার হয়। দেশে ফেরার পর সুস্থ হতে সময় লেগে যায়। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে সফলভাবে পর্বতারোহণের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
২০১৯ সালের ২৪ আগস্ট ভারতের লাদাখের স্টক কানরি (৬হাজার ১৫৩ মিটার) ও ৩০ আগস্ট কাং ইয়াস্তে-২ (৬হাজার ২৫০ মিটার) পর্বত দুটিতেও সফলভাবে আরোহণ করেন। এছাড়া ২০১৮ সালের আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো ও দ্বিতীয় সর্বোচ্চ পর্বত মাউন্ট কেনিয়া অভিযানেও অংশ নিয়েছিলেন রেশমা।











