মেহজাবিন ঘরে বসে নৃত্যশিল্পী বাছাই করবেন
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী প্রথমবারের মতো বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ‘দ্য ড্যান্স কিং’ নামে নাচের প্রতিযোগিতায় আরও থাকবেন বিজরী বরকতুল্লাহ, নাদিয়া আহমেদ ও ইভান শাহরিয়ার।
এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, “আমার নাচের গুরু ইভান শাহরিয়ার ভাই। বিভিন্ন জায়গায় আমরা জুটি বেঁধে নাচ করি। তাই এ প্রতিযোগিতার বিচারক হতে সম্মতি দিয়েছি।”
লোকনৃত্য, সৃজনশীল, পশ্চিমা ও সমসাময়িক যে কোনো একটি নাচের মানসম্পন্ন ভিডিও পাঠিয়ে ঘরে বসেই এ প্রতিযোগিতায় আবেদন করা যাবে। অবশ্য অংশ নেওয়ার আগে ৫০০ টাকায় নিবন্ধন করতে হবে। সোমবার শুরু হয়েছে আবেদন গ্রহণ। [email protected] ঠিকানায় পাঠাতে হবে ভিডিও।
প্রতিযোগিতায় রয়েছে তিনটি বিভাগ। ‘ক’ বিভাগের বয়সসীমা ৪-১০ বছর, ‘খ’ বিভাগে ১১-১৬, ‘গ’ বিভাগে ১৭-৩০ বছর বয়সী শিল্পীরা আবেদন করতে পারবেন। তাদের পাঠানো নাচের ভিডিওগুলো ঘরে বসে দেখবেন বিচারকরা। প্রয়োজনে চার বিচারক একসঙ্গে বসে এসব ভিডিও দেখবেন।
এই তিন শাখা থেকে সেরা ১২ জন করে মোট ৩৬ জনকে নিয়ে গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিটি শাখা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা শিল্পী নির্বাচিত হবেন। গালা রাউন্ডের অনুষ্ঠান সরাসরি মঞ্চে অনুষ্ঠিত হবে।











