ঐশ্বরিয়া-আরাধ্য করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন
বিনোদন ডেস্ক : করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্য। সোমবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে থেকে ছাড়া পেয়ে গিয়েছেন মা ও মেয়ে। সেখান থেকে নিজেদের বাড়ি ‘জলসা’য় ফিরে গিয়েছেন তারা। তবে আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হলেও, এখনো হাসপাতালেই রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন।
এ দিন হাসপাতাল থেকে নিজেই স্ত্রী ও কন্যার সুস্থ হয়ে ওঠার কথা জানান অভিষেক। টুইটারে তিনি লেখেন, ‘অবিরত প্রার্থনা ও শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। চিরকাল আপনাদের কাছে ঋণী থাকব। সৌভাগ্যবশত ঐশ্বরিয়া এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওদের। এবার বাড়ি পৌঁছাবে ওরা। বাবা এবং আমি এখনো হাসপাতালে চিকিৎসাকর্মীদের তত্ত্বাবধানে রয়েছি।’
গত ১১ জুলাই বচ্চন পরিবারের থাবা বসায় নোভেল করোনা। করোনার উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করিয়েছিলেন তারা। চার রিপোর্ট পজিটিভ আসায় ওই দিনই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন তারা। পরে নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করেন দু’জনে। এরপর ঐশ্বরিয়া, আরাধ্য, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও তার দুই ছেলেমেয়েরও করোনা পরীক্ষা হয়। তাতে বাকিদের রিপোর্ট নেগেটিভ এলেও, ১২ জুলাই ঐশ্বরিয়া এবং তার ৮ বছরের মেয়ে আরাধ্যর রিপোর্ট পজিটিভ আসে।
ঐশ্বরিয়া এবং আরাধ্যর মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। তাই শুরুতে বাড়িতেই কোয়রান্টিনে ছিলেন তারা। প্রায় এক সপ্তাহ সেই অবস্থায় থাকার পর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় দু’জনের। তার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাদের। সেই সময় গোটা ‘জলসা’কেই কনটেনমেন্ট জোন ঘোষণা করে মুম্বাই পৌরসভা। তবে দিন কয়েক আগে ‘কোভিড-১৯ জোন’ লেখা পোস্টার ওই বাংলোর দেওয়াল থেকে সরিয়ে নেয় তারা।











