এবার সাহেদের বিরুদ্ধে জাল টাকা রাখার অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরীক্ষার নামে প্রতারণার মামলায় কারাবন্দী রিজেন্ট গ্রুপের চেয়ারম্যন মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে জাল টাকা রাখার অভিযোগে আরেকটি মামলা করেছে র্যাব।
র্যাব কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে বুধবার মধ্যরাতে উত্তরা পশ্চিম থানায় এই মামলা দায়ের করেন।
মামলায় ৫০০ টাকার ২৯২টি জাল নোট অর্থাৎ এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোট, কালো স্যুটকেস, জামা, প্যান্ট, আন্ডারওয়্যার ও একটি এটিএম কার্ড উদ্ধার দেখানো হয়েছে বলে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানিয়েছেন।
তিনি বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এবং দণ্ডবিধির ৪৮৯ (গ) ধারায় এই মামলা করা হয়েছে।
মামলায় র্যাব বলেছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ৬২ নম্বর বাসায় একটি ফ্ল্যাটে বুধবার অভিযান চালিয়ে এ সব জাল টাকা উদ্ধার করা হয়।
রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের বিরুদ্ধে করোনা পরীক্ষায় জালিয়াতি, প্রতারণা ও ভুয়া প্রতিবেদন দেয়ার পাওয়া যায়। এরপর লাপাত্তা হয়ে যান রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ ১৭ জনকে আসামি করে একটি মামলা করে র্যাব। এছাড়া সাহেদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলাও দায়ের করা হয়।
ওই মামলায় বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তারের পর সাহেদকে ঢাকায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে উত্তরার ওই বাসায় অভিযানে যায় র্যাব।
সেখান থেকে জাল টাকা উদ্ধারের পর র্যাবের আইনও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেছিলেন, এটা সাহেদের গোপন অফিস ছিল।











