পাঁচদিন টিকতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ : লারা
স্পোর্টস ডেস্ক : আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে ব্যাট-বলের লড়াই। এতদিন পর দেখা যাবে খেলা, স্বভাবতই ক্রিকেটপ্রেমীদের সবারই নজর থাকবে এই সিরিজের দিকে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা তাই মনে করছেন, জিততে পারলে তার দলের জন্য ব্যাপারটা দারুণ হবে।
তবে ইংল্যান্ডের মাঠে ওয়েস্ট ইন্ডিজ পাঁচদিন টিকতে পারবে না বলেই মন্তব্য করেছেন ক্যারিবীয় ক্রিকেটের বরপুত্র। যদিও তিনি সেটা নেতিবাচক অর্থে বলেননি। তিনি বুঝাতে চেয়েছেন, ওয়েস্ট ইন্ডিজকে চারদিনের মধ্যেই টেস্ট জেতার চেষ্টা করতে হবে, পাঁচদিন টিকে থেকে ড্রয়ের চিন্তা করলে বিপদে পড়বে।
সেটা কেন? সফরকারি দল ব্যাটিংয়ের দিক দিয়ে তেমন শক্তিশালী নয়। ২০১৭ সালে ইংল্যান্ড সফরের পর থেকে ১৯ টেস্টে ক্যারিবীয় ব্যাটসম্যানদের গড় মাত্র ২৩.৫৯। সেই তুলনায় বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। রয়েছেন কেমার রোচ, আলজেরি জোসেফ, শেনন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডারের মতো ফাস্ট বোলার।
লারা মনে করছেন, টেস্টের শুরুর দিকেই সুযোগ নিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। অপেক্ষা করা যাবে না। তিনি বলেন, ‘তাদের খুব দ্রুত গুঁড়িয়ে দেয়ার চেষ্টা করতে হবে। ঘরের মাঠে ইংল্যান্ডকে সহজে হারানো যায় না এবং তারা অপ্রতিরোধ্য ফেবারিট।’
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৩১ টেস্টে ১১ হাজার ৯৫৩ রান করা লারা মনে করেন, ক্যারিবীয়দের দ্রুত ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ওপরই নির্ভর করছে কতটা ভালো করতে পারবে তারা।
৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের ভাষায়, ‘তাদের শুরু থেকেই আক্রমণ করতে হবে এবং ইংল্যান্ডের ওপর প্রভাব বিস্তার করতে হবে। আমি মনে করি না, তারা (ওয়েস্ট ইন্ডিজ) পাঁচদিন টিকতে পারবে। তাই তাদের ম্যাচগুলোকে চারদিনের ভাবতে হবে। তাদের এগিয়ে যেতে হবে এবং সেটা ধরে রাখতে হবে।’
গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ইংল্যান্ডের মাঠে ১৯৮৮ সালের পর সিরিজ জিততে পারেনি তারা। এবার যেহেতু এই সিরিজটির দিকে বিশ্বের সবার নজর থাকবে, তাই এখানে জয় পেলে সেটা দলের জন্য দারুণ কিছু হবে বলেই মনে করেন লারা।
টেস্টে ৩৪ সেঞ্চুরির মালিক বলেন, ‘এটা এমন একটা সিরিজ যেটা বিশ্বের সবাই দেখবে। সবাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজের আশাই করছেন। যদি জিততে পারে, ওয়েস্ট ইন্ডিজের জন্য দারুণ কিছু হবে। তারা যদি টেস্ট সিরিজের প্রথম দিনই ভালো ক্রিকেট খেলতে পারে এবং ইংল্যান্ডের বিপক্ষে সাহস দেখাতে পারে, তবে সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’











