বোলিং অ্যাকশনে বদল আনছেন তাইজুল ইসলাম
স্পোর্টস ডেস্ক : সব ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চু্ক্তিতে আছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু তার গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা সেটে গেছে। দেশের মাটিতে ধারাবাহিক বল করে যাওয়ায় তার বিকল্প নেই। কিন্তু বিদেশে সফল হতে তার কিছু টেকনিক শিখতে হবে বলে মনে করেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েলে ভেট্টরি। তাইজুল তাই বোলিং অ্যাকশনে পরিবর্তন আনছেন।
ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে তাইজুল জানিয়েছেন, নিউজিল্যান্ডের সাবেক কিংবদন্তি স্পিনার ভেট্টরির পরামর্শ মতো কাজ করছেন তিনি, ‘ব্যাপারটা খুবই টেকটিক্যাল। আপনাকে বোঝানো সহজ হবে না। সাইড স্পিনটা আমাদের কন্ডিশনে খুবই কার্যকর। কারণ বল সোজা যায় নয়তো সামান্য টার্ন করে। কিন্তু বিদেশে ফ্লাট বা ঘাষের উইকেটে টপ স্পিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’
বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তাইজুল বলেন, ‘টপ স্পিনের কোন বলটা ভেতরে ঢুকবে কোনটা বাইরে যাবে ব্যাটসম্যানদের জন্য বোঝা খুবই কঠিন। এছাড়া এই বলে ভালো বাউন্স এবং ফ্লাইট পাওয়া যায়। ভেট্টরি আমাকে বলেছেন, যেভাবে আমি বোলিং করি দেশের কন্ডিশনে তা একদমই ঠিক আছে। কিন্তু বিদেশে সফল হতে আমাকে আরও কিছু বিষয় শিখতে হবে।’
দেশের হয়ে ২৯ টেস্ট এবং নয়টি ওয়ানডে খেলা তাইজুল জানান, সেজন্য তার বোলিং অ্যাকশনে সামান্য পরিবর্তন আনতে হচ্ছে। যা নিয়ে তিনি এরই মধ্যে কাজ শুরু করেছেন। পরিবর্তনটা খুবই ছোট বলে জানান তিনি। যেটা বোলিং অ্যাকশনেও হতে পারে। আবার বল ডেলিভারির সময়ও হতে পারে। তাইজুল দেশের বাইরে ১০ টেস্ট খেলে নিয়েছেন মাত্র ২১ উইকেট। অথচ ঘরের মাঠে ১৯ টেস্টে তার উইকেট ৯৩টি।











