নিজেকে সরিয়ে নিলেন গেইল
স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসছে আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন ক্রিস গেইল। মঙ্গলবার ব্যক্তিগত কারণ উল্লেখ করে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান গেইল।
নিজের ফ্র্যাঞ্চাইজি সেন্ট লুসিয়া জুকসকে এই সিদ্ধান্তের কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী গেইল।
সূচি অনুযায়ী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা। সরকারের সবুজ সংকেত পেলে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে এই আসর। এর আগে বুধবার হবে প্লেয়ার্স ড্রাফটও। কিন্তু এর ঠিক এক দিন আগেই নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানালেন গেইল।
ক্রিকইনফোর রিপোর্টে বলা হয়েছে, গেইল নিজেকে সরিয়ে নেওয়ার পেছনে করোনা লকডাউনের কথা বলেছেন। এই সময়ে পরিবার থেকে বিচ্ছিন্ন গেইল। স্ত্রী-সন্তান রয়েছেন সেন্ট কিটসে, আর গেইল লকডাউনে আটকা পড়ে আছেন জ্যামাইকাতে। গেইল জানিয়েছেন তার বিরতি দরকার। পরিবারের সঙ্গে সময় দেওয়া প্রয়োজন।
গত এপ্রিলে ড্রাফটের বাইরে থেকে গেইলকে দলে ভেড়ায় সেন্ট লুসিয়া জুকস। এর আগে গেইল জ্যামাইকা তালাওয়াস ও সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছেন। তালাওয়াসের হয়ে দুটি সিপিএল শিরোপা ও নেভিস প্যাট্রিয়টসের হয়ে ২০১৭ সিপিএল ফাইনাল খেলেন গেইল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩ টেস্ট ও ৩০১ ওয়ানডে খেলা গেইল অবশ্য নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াসের হয়েই খেলতে চেয়েছিলেন। কিন্তু তাকে ছেড়ে দেয় জ্যামাইকা। এনিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সহকারী কোচ ও গেইলের সাবেক সতীর্থ রামনরেশ সারওয়ানের প্রতি ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন গেইল।











