দেশত্যাগে নিষেধাজ্ঞা ইউনাইটেড হাসপাতালের শীর্ষ কর্মকর্তাদের
অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতালের চারজন শীর্ষ কর্মকর্তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সুদীপ্ত চক্রবর্তী বলেন, আগুনের ঘটনায় নিহত একজনের স্বজন ডোনাল্ড মিকি গমেজ থানায় অবহেলাজনিত অগ্নিকাণ্ডের মামলা করেন। ওই মামলায় নির্দিষ্ট করে আসামিও করা হয়েছে। এখন তদন্ত চলছে। তদন্তের পর আসামিদের অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এর পরই তাদের আইনের আওতায় আনবো। তবে তারা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারেন, বিচারের মুখোমুখি করা যায়, সেজন্য পুলিশ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আর তদন্তে দোষী প্রমাণিত হলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে করা হবে।
জানা গেছে, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ রাজা, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফরিদুর রহমান খান, সিইও মোহাম্মদ ফাইজুর রহমান ও পরিচালক (চিফ ক্লিনিক্যাল গর্ভন্যান্স ডা. আবু সাঈদ এমএম রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি তদন্ত দল কাজ করে। তারা তদন্তে হাসপাতালের বাইরের করোনা সেন্টারের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে। ওই দুটি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। এখন আদালত প্রতিবেদন দেখে কী আদেশ দেন সেজন্যই অপেক্ষা করছে পুলিশ। মিকি গোমেজের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে হাসপাতালটি চেয়ারম্যান-এমডি, সিইও, সংশ্লিষ্ট চিকিৎসক নার্স ও নিরাপত্তা প্রহরীদের। তবে কাউকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ।
পুলিশের তদন্ত সূত্র জানায়, সাধারণত যে ধরনের আইসোলেশন ইউনিট ইউনাইটেড হাসপাতাল তৈরি করেছিল, সেই ধরনের স্থাপনায় অদাহ্য পদার্থ ব্যবহার করা হয়। তবে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ দাহ্য পদার্থ দিয়ে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে। আইসোলেশন ওয়ার্ডের ভেতরে ছিল সব দাহ্য পদার্থ।
গত ২৭ মে রাতে হাসপাতালের বাইরে অস্থায়ীভাবে স্থাপিত করোনা সেন্টারে আগুনের সূত্রপাত হয়। সেখানে চিকিৎসাধীন পাঁচ রোগীর মৃত্যু হয়। পরে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপমৃত্যু মামলা করলেও নিহতের স্বজন অবহেলাজনিত অগ্নিকাণ্ডে মৃত্যুর অভিযোগে থানায় মামলা করেন।











