স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে ঢাকার দুই সিটি
নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে ১৭ এবং দক্ষিণ সিটির ২৮টি এলাকা আছে। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১টি এলাকা রেড জোনের মধ্যে পড়েছে।
করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি এসব এলাকা চিহ্নিত করে। তবে এ কমিটি বিভিন্ন এলাকা চিহ্নিত করে দিলেও নির্দিষ্ট এলাকা ম্যাপিং করে দেওয়া হয়নি। এমন জটিলতায় রাজধানীর দুই সিটি করপোরেশন লকডাউন বাস্তবায়নের কাজ শুরু করতে পারছেন না। উভয় সিটি করপোরেশনই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট এলাকা ম্যাপিং করে দেওয়ার পরই তারা কাজ শুরু করবে। এক্ষেত্রে তাদের ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগবে। ঢাকার দুই সিটি ও চট্টগ্রামের যেসব এলাকায় প্রতি এক লাখ জনসংখ্যায় ১৪ দিনে ৬০ জন আক্রান্ত হয়েছে, সেসব এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে। ঢাকার বাইরে এই অনুপাত লাখে ১০।
উত্তর সিটি করপোরেশনের যে ১৭ এলাকাকে রেড জোন হিসেবে ধরা হয়েছে, সেগুলো হলো- বসুন্ধরা, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রায়েরবাজার, রাজাবাজার, উত্তরা ও মিরপুর।
অপরদিকে দক্ষিণ সিটির ২৮টি এলাকার মধ্যে আছে- যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরিবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা।
কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি তাদের এলাকায় রেড জোন চিহ্নিত করতে সহযোগিতা করবে। এ ছাড়া তারা স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করবে। সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি ও সংশ্লিষ্ট লকডাউন এলাকার কাউন্সিলরকে আহ্বায়ক করে ৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। জানা যায়, দুই সিটি করপোরেশনের
কাছে চিঠি পাঠিয়েছে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি। এতে সংশ্লিষ্ট রেড জোন এলাকার নাম উল্লেখ করে লকডাউন বাস্তবায়নের কথা বলা হয়; কিন্তু এসব এলাকার সুনির্দিষ্ট রোগী বেশি এলাকার নাম উল্লেখ করা হয়নি। ফলে লকডাউন বাস্তবায়নের কাজ শুরু করা যাচ্ছে না। উভয় সিটি করপোরেশনই রেড জোনের নির্দিষ্ট এলাকা জানতে চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে।
লকডাউন কার্যকর করার বিষয়ে গতকাল সমন্বয়সভা করেছে দক্ষিণ সিটি করপোরেশন। সভা শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এলাকাভিত্তিক সুনির্দিষ্ট নকশা চিহ্নিত করে দেওয়ার পর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন কার্যকর করা হবে। লকডাউন বাস্তবায়নে প্রস্তুতি নেওয়ার জন্যই আমরা সভা করেছি। প্রাথমিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে কার্যপরিধিগুলো বুঝে নিয়েছি। আশা করছি, দুই-একদিনের মধ্যে এলাকাগুলো চিহ্নিত হলেই কার্যক্রম শুরু করতে পারব।
তাপস বলেন, আমাদের সামগ্রিকভাবে ২৮টি এলাকার কথা জানানো হয়েছে। সেই এলাকাগুলো অনেক বড়। আমরা বিষয়টি তাদের (স্বাস্থ্য মন্ত্রণালয়) জানিয়েছি। তারাও বিষয়টি অনুধাবন করেছেন। আমরা চাই, যারা শুধু সংক্রমিত তাদের এর আওতায় আনতে; বাকিদের জীবন-জীবিকা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে। কারণ একটি ওয়ার্ড অনেক বড়। সরকারও চায় না সব এলাকা এর আওতায় আসুক। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের জানিয়েছে- এলাকাকে সুনির্দিষ্ট করতে তাদের আরও দুই-তিন দিন লাগবে। যত দ্রুত এলাকা চিহ্নিত করে দেওয়া হবে, আমরা তত দ্রুত লকডাউনে যেতে পারব।
ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোনো এলাকাকে এখন পর্যন্ত লকডাউন করা হয়নি। লকডাউন করার আগে আমরা এলাকাভিত্তিক সুনির্দিষ্ট ম্যাপিং এবং সে ম্যাপিং অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় কাউন্সিলর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় করেই লকডাউন বাস্তবায়নে যাব।
এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সময় অনলাইনে সভায় যুক্ত হয়ে রেড জোন সংক্রান্ত সর্বশেষ তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের ১৭টি এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। আমরা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, ১৭টি এলাকার কোন কোন অংশ রেড জোন এবং লকডাউন করতে হবে, সে এলাকাগুলো নির্দিষ্ট করে দেওয়ার কথা বলেছি। তারা বলেছেন, আজ-কালের (মঙ্গল-বুধবার) মধ্যে এলাকাগুলো বুঝিয়ে দেবেন। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলতে হবে। এসব এলাকায় কী কী করণীয় রয়েছে এবং আগে রাজাবাজারে যে অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগাব।
তিনি বলেন, লকডাউন শুরু হলে জনগণ যেন সাপোর্ট করে। এ অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে হলে কেবল আমরা পারব না। সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এলাকাগুলো নির্দিষ্ট করে দিলেই কাজ শুরু করতে পারব। দৈনিক আমাদের সময়











