অর্থকষ্টে ছিলেন সুশান্ত!
বিনোদন ডেস্ক : সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। অর্থকষ্টে ভুগছিলেন সুশান্ত। চারদিকে বাকি ছিল ধার দেনাও— বক্তব্য তার কাজের লোকদের। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন নাম প্রকাশের অনিচ্ছুক ওই ব্যক্তি।
ওই পরিচারকের বক্তব্য অনুযায়ী, মৃত্যুর দিন দশেক আগে থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা। কারও সঙ্গে সেভাবে কথাও বলছিলেন না তিনি। পরিচারক আরও যোগ করেন, যেহেতু বাজারে থাকা ধার-বাকি মেটাতে হচ্ছে তাকে, তাই এই মুহূর্তে তাদের বেতন মেটাতে পারবেন কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন সুশান্ত।
জানা গিয়েছে, মৃত্যুর দিন ভোর সাড়ে ছ’টায় ঘুম থেকে উঠেছিলেন সুশান্ত। এর পর সকাল সাড়ে নয়টা নাগাদ জুস খেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। এরপর হাজার বার দরজায় কড়া নাড়া সত্ত্বেও সাড়া পাওয়া যায়নি তার।
সাড়া না পেয়ে ফিরে যান পরিচারক। আবার আসেন দুপুরের খাবার নিয়ে। তখনো একই ঘটনা। এবার কু-ডাক ডেকে ওঠে পরিচারকের মনে। বারবার দরজা ধাক্কানোর পরেও অভিনেতা সাড়া না দেওয়ায় তিনি ফোন করেন গুরুগ্রামে থাকা সুশান্তের বোনকে। খবর দেওয়া হয় পুলিশে। এর পরেই লক ভাঙার মিস্ত্রী ডেকে খোলা হয় সুশান্তের ঘরের দরজা। দরজার ওপারে তখন শিলিং থেকে ঝুলছে সুশান্তের দেহ!
যদিও মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক লেনদেন চোখে পড়েনি। এমনকি তার বোনও জানিয়েছেন, অর্থকষ্টে ভুগছিলেন না তিনি।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।
অভিনয়ের তাগিদ থেকেই শেষমেশ মুম্বাইয়ে চলে আসেন সুশান্ত। এরপর প্রথমে ধারাবাহিক, এরপর বলিউডে সিনেমার দিকে ঝুঁকতে শুরু করেন সুশান্ত।
‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’-র মতো ছবিতে অভিনয় করেন সুশান্ত। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির চরিত্রে তার বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। ‘কেদারনাথ’ ছবিতে তারই বিপরীতে অভিনয়ে হাতেখড়ি হয় সারা আলি খানের।
তবে ২০১৭ সালে তার অভিনীত ‘রাবতা’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গত বছর সুশান্তের তিনটি ছবি মুক্তি পায়। তার মধ্যে ‘ছিছোড়ে’ হিট হলেও, ‘সোন চিড়িয়া’ বক্সঅফিসে সাফল্যের মুখ দেখেনি। ‘ড্রাইভ’ ছবিটি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পায়। সব জায়গা থেকেই নেগেটিভ রিভিউ পায় ছবিটি। তাতেই সুশান্ত ক্রমশ ভেঙে পড়ছিলেন বলে জানা গিয়েছে। দোসর হয়েছিল চরম অর্থকষ্ট। ভালোবাসতেন আকাশের তারা দেখতে। মাত্র ৩৪-এই শেষ হয়ে গেল এই তারকার জীবন।











