ক্যাসিয়াস স্প্যানিশ ফুটবলের সভাপতি পদে লড়বেন না
স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে লড়ার যে ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকে সরে এলেন ইকার ক্যাসিয়াস। স্পেনের সাবেক গোলরক্ষক ও বিশ্বকাপজয়ী অধিনায়ক সোমবার নিজেই এই সিদ্ধান্ত জানিয়েছেন।
করোনাভাইরাসের কারণে দেশে এখন সার্বিক যে পরিস্থিতি, এ কারণেই মত বদলেছেন বলে জানান ক্যাসিয়াস।
‘আমাদের দেশ এখন ব্যতিক্রমী সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এটাই আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে।’- টুইটারে করা পোস্টে লিখেছেন ৩৯ বছর বয়সী ক্যাসিয়াস।
ক্যাসিয়াস আরো লিখেন, ‘আমি মনে করি এখন এক হওয়ার সময়, বিভাজনের নয়।’
গত ফেব্রুয়ারিতে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ চেয়ারে সবার ইচ্ছে প্রকাশ করেছিলেন ক্যাসিয়াস। ঘোষণা দেন আসছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ভবিষ্যতের সম্ভাবনা খোলাই রেখেছেন।
‘আমি একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং সত্যিকারের অংশ গ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া চেয়েছিলাম। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে এটি আমার সাথে বা অন্যান্য প্রার্থীদের সাথে ঘটবে।’ বলেন ক্যাসিয়াস।
এ বছর আগস্টে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমানে সভাপতির আসনে আছেন লুইস রুবিয়ালিস। ২০১৮ সালে দায়িত্ব নেন তিনি।











