পূর্ব রাজাবাজার: দিনের আলোয় রাতের নীরবতা
নিউজ ডেস্ক ; রাজধানীর চিরচেনা পূর্ব রাজাবাজারে নেই আগের সেই হাঁকডাক। সাধারণ মানুষের চলাচলে যে এলাকাটি সব সময় থাকত জমজমাট, ‘রেড জোন’ ঘোষণার পর সেখানে এখন শুধুই নীরবতা। রিকশা জটতো দূরের কথা বেল বাজানোর টুং-টাং শব্দও নেই। নেই মানুষের কোলাহল, যানবাহনের ছুটে চলা। ‘রেড জোন’ ঘোষণার পর ঘনবসতিপূর্ণ ওই এলাকার সব দোকনপাট বন্ধ।
এমনকি বাসাবাড়ির দরজা-জানালাও খুলছেন না বাসিন্দারা। সব মিলিয়ে রাজধানীর পূর্ব রাজাবাজারে দিনের আলোয় নেমে এসেছে রাতের নীরবতা। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় প্রথমবারের মতো ‘রেড জোন’ ঘোষণা করে কঠোরভাবে লকডাউন পালনের সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার রাত ১২টা থেকে রেড জোন বাস্তবায়নের কাজ শুরু হয়। এর আগে সশস্ত্র বাহিনী ও পুলিশের একাধিক টিম ওই এলাকায় অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল।
বুধবার পূর্ব রাজাবাজার এলাকায় কতর্ব্যরত বিভিন্ন সংস্থার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘রেড জোন’র কাউকেই বাসা থেকে বের হতে দেয়া হচ্ছে না। জরুরি সার্ভিসের লোকজন ছাড়া ওই এলাকায় কেউ প্রবেশও করতে পারছেন না। স্থানীয় মসজিদ থেকে স্থানীয় বাসিন্দাদের যে কোনো প্রয়োজনে মনিটরিং সেলে যোগাযোগের জন্য বারবার ঘোষণা দেয়া হচ্ছে। একই সঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ মনিটরিং সেলে কর্তব্যরত বিভিন্ন সংস্থা ও কর্মকর্তার মোবাইল নম্বরও জানিয়ে দেয়া হচ্ছে মসজিদ থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, মনিটরিং সেল থেকে এলাকাবাসীর জন্য সব ধরনের সহায়তাই দেয়া হচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অধীনে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক বাড়ি-বাড়ি পৌঁছে দিচ্ছেন খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
এলাকার ৮টি প্রবেশপথের মধ্যে খোলা রয়েছে গ্রিন রোডে আইবিএ হোস্টেলসংলগ্ন সড়কটি। তবে এ গেট দিয়েও সাধারণ মানুষকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। অ্যাম্বুলেন্সসহ ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা টিম ছাড়াও জরুরি সার্ভিসের গাড়ি প্রবেশের জন্য এ সড়টি খোলা রাখা হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন স্থানীয় ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান।
তিনি জানান, বাকি সবক’টি প্রবেশপথ বাঁশ দিয়ে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পুলিশের একাধিক টিমকে টহল দিতে দেখা গেছে। সক্রিয় দেখা গেল মোবাইল কোর্টও। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বন্ধ করা প্রবেশপথের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে কাউকে কাউকে বাইরে প্রবেশ করতে দেখা গেছে।
ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেছেন, রেড জোন ঘোষণার আগেই পূর্ব রাজাবাজার এলাকার কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের একটি তালিকা করা হয়েছে। সে অনুযায়ী তাদের প্রত্যেকের বাসায় সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। কর্মহীন ও দুস্থ ছাড়াও এলাকায় বসাবসরত যেসব বাসিন্দা মনিটরিং সেলে যোগাযোগ করছেন তাদেরও সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। তিনি বলেন, রেড জোনে বসবাসরতদের সেবা দেয়ার জন্য প্রায় অর্ধশত যুবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মূলত তাদের মাধ্যমেই স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে।
এছাড়া অনলাইনের মাধ্যমে কেউ প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে চাইলে প্রশিক্ষিত এসব যুবকদের দিয়ে বাসায়-বাসায় সেসব নিত্যপণ্য পৌঁছে দেয়া হচ্ছে। যাদের অনলাইন সুবিধা নেই, নগদ অর্থে খাদ্যসামগ্রী ক্রয় করতে চান তাদের জন্য শাকসবজি, মাছ, মাংসের কয়েকটি ভ্যান স্বেচ্ছাসেবকদের মাধ্যমে রেড জোনে যেতে দেয়া হলেও পণ্যসামগ্রী সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
স্থানীয় নাজনিন স্কুল অ্যান্ড কলেজে একটি নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে, এর অদূরে কোভিড-১৯ পরীক্ষা ও নমুনা সংগ্রহের জন্য একটি বুথ স্থাপন করা হয়েছে। ওই বুথে ‘রেড জোন’ ঘোষিত এলাকার বাসিন্দাদের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে বলে মনিটরিং সেল থেকে জানানো হয়েছে। যুগান্তর











