সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় পরীক্ষাতেও নাসিমের করোনা নেগেটিভ, অবস্থা অপরিবর্তিত

news-image

নিউজ ডেস্ক : পরপর দু’দফা পরীক্ষাতে করোনা নেগেটিভ এসেছে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ শুরু করা হলেও কোনো ফলাফল আসেনি।

দেশের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে পরিবারের সদস্যরা বলছেন, এখানকার চিকিৎসকরা ছাড়পত্র দিলে তবেই তারা সিঙ্গাপুর নেয়ার চিন্তা করবেন। মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আবার অবনতিও হয়নি। তার অবস্থা আগের মতোই সংকটাপন্ন ও এখনও চেতনা ফিরে পাননি। নতুন করে আরও ৭২ ঘণ্টা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রেখে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার যে সিদ্ধান্ত নিয়েছে গঠিত মেডিকেল বোর্ড তা শুক্রবার শেষ হবে।

মোহাম্মদ নাসিমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তার ছেলে তানভীর শাকিল জয় বুধবার সন্ধ্যায় বলেন, আব্বার অবস্থা এখনও অপরিবর্তিতই আছে। আগের চেয়ে খারাপ হয়নি কিন্তু ভালোও হয়নি। মেডিকেল বোর্ড আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবে। সেই সময় পরশু (শুক্রবার) শেষ হবে। এরপর হয়তো আবার বোর্ড মিটিং করবে। সব কিছু দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পরশু (সোমবার) ও গতকাল (মঙ্গলবার) পরপর দু’বার টেস্টে বাবার (নাসিমের) করোনা নেগেটিভ এসেছে। সেখান থেকে বাইরে নেয়ার একটা চিন্তা ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও ছিল। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ শুরু করে। কিন্তু এটার এখনও কোনো ফলাফল আসেনি বলেও জানান তিনি।

দেশের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে জয় আরও বলেন, এখানে যে চিকিৎসা হচ্ছে, তা আব্বাকে স্থিতিশীল রাখতে পেরেছে। তাই চিকিৎকরা যদি ছাড়পত্র দেন, আর তারা যদি মনে করেন দেশের বাইরে নেয়া যাবে তাহলে আমরা সেটা চিন্তা করব। তার আগে সেই চিন্তা করছি না। কারণ আব্বার যে অবস্থা, এর মধ্যে আম্বুলেন্সে তুলতে হবে, সেখান থেকে এয়ার আম্বুলেন্সে তুলতে হবে। আবার সাড়ে ৪ ঘণ্টার ফ্লাইট। তাছাড়া এখানকার চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া যুগান্তরকে বলেন, উনার অবস্থা এখনও সংকটাপন্ন, অবস্থার তেমন উন্নতি হয়নি। উনাকে দেশের বাইরে নেয়া হবে কিনা সে বিষয়ে আমি এখনও কিছুই জানি না। বর্তমান শারীরিক অবস্থায় তাকে দেশের বাইরে নেয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, চাইলে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া সম্ভব।

১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টার অস্ত্রোপচার সফল হয়।

সফল অস্ত্রোপচার হলেও এখনও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বেঁধে আছে। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় আছেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে মোহাম্মদ নাসিম এমপির রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর সিরাজগঞ্জ শহরের এসএস রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপির পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুুল লতিফ বিশ্বাস। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শহিদুল ইসলাম। এছাড়া, বুধবার বাদজোহর সিরাজগঞ্জ সদর উপজেলাসহ জেলার ৯টি উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলোতে মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী