সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শহরে শহরে চলছেই বর্ণবাদবিরোধী বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : টানা দশম দিনের মতো বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্রের শহরে শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ হয়েছে। নিউইয়র্ক, আটলান্টা, ওয়াশিংটন ডিসি, ডেনভার, ডেট্রয়েট ও লস অ্যাঞ্জেলসে বড় বিক্ষোভ হয়েছে। তবে এসব বিক্ষোভ ছিল শান্তিপূর্ন। এদিন যুক্তরাষ্ট্রের কোথাও তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউইয়র্ক টাইমস স্কয়ারে শান্তিপূর্ণ বিক্ষোভের বিষয়টি ছিল লক্ষণীয়। এই শহরটি গত কয়েকদিন ধরেই সহিংসতার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পুলিশি নিপীড়ন, বৈষম্য ও বর্ণবাদের বিরুদ্ধে চলমান বিক্ষোভকে একটি দীর্ঘমেয়াদি নাগরিক অধিকার আন্দোলনে পরিণত করতে গত কয়েকদিন ধরেই বলে আসছে বিভিন্ন সংগঠন ও মানবাধিকার কর্মীরা। তারা যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থা সংস্কারেরও দাবি তুলেছেন। এতে করে সহিংসতা শান্তির দিকে মোড় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার। ‘বর্ণবাদের মহামারি’তে ফ্লয়েডের মৃত্যু হয়েছে বলে সে সভায় ক্ষোভ প্রকাশ করেছেন একজন আইনজীবী। প্রখ্যাত মানবাধিকার কর্মী রেভ. আল শার্পটন বলেছেন, ‘আমাদের ঘাড় থেকে আপনাদের হাঁটু সরিয়ে নিন।’

সিএনএন জানিয়েছে, মিনিয়াপোলিসে নর্থ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্লয়েডের কফিন সামনে রেখে ওই শোক সভা হয়। সেখানে সাধারণ মানুষ ও ফ্লয়েডের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী রেভ. জেস জ্যাকসন, মিনেসোটার ডেমোক্রেটিক আইনপ্রণেতা ইলহান ওমর, মার্টিন লুথার কিং তৃতীয়, অভিনেতা কেভিন হার্ট প্রমুখ। তারা আট মিনিট ৪৬ সেকেন্ড নীরবে দাঁড়িয়ে থেকে ফ্লয়েডকে স্মরণ করেন। ফ্লয়েডের শেষকৃত্যের আগে যুক্তরাষ্ট্রজুড়ে বেশ কয়েকটি স্মরণ সভা হবে, যার প্রথমটি হলো বৃহস্পতিবার।

গত ২৫ মে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার ওপর ফ্লয়েডকে ফেলে আট মিনিট ৪৬ সেকেন্ড তার ঘাড়ে হাঁটু দিয়ে মাটিতে চেপে ধরে রেখেছেন এক শ্বেতাঙ্গ পুলিশ। পরে শ্বাস বন্ধ হয়ে ফ্লয়েড মারা যান। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

‘থার্টিজ ফ্রম ব্রুকলিন’ বইয়ের লেখিকা নানা মেনশাহ বলেছেন, ‘আপনারা খুবই ভাগ্যবান। কারণ আমরা শুধু সাম্য চাইছি, প্রতিশোধ নয়।’

রাজধানী ওয়াশিংটনে লিঙ্কন মেমোরিয়ালের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের আরেকটি দল হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে। প্রেসিডেন্টের এই বাসভবনটির সুরক্ষায় সেখানে নতুন করে কংক্রিটের দেওয়াল উঠছে।

মিনিয়াপোলিসে ফ্লয়েড স্মরণসভা অনুষ্ঠানে মানবাধিকার কর্মী শার্পটন বলেন, শ্বেতাঙ্গ কর্মকর্তার হাঁটুর নীচে ফ্লয়েডের মৃত্যু আফ্রিকান-আমেরিকানদের বিরুদ্ধে পুলিশি নির্যাতনের একটি চিরসত্য প্রতীক। এখন ফ্লয়েডের নামে আমাদের উঠে দাঁড়াতে হবে। বলতে হবে, ‘আমাদের ঘাড় থেকে আপনাদের হাঁটু সরিয়ে নিন।’

ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেঞ্জামিন ক্রাম্প বলেন, করোনাভাইরাস মহামারিতে ফ্লয়েডের মৃত্যু হয়নি। তার মৃত্যু হয়েছে অন্য এক মহামারিতে। আর সেটি হলো বর্ণবাদ ও বৈষম্যের মহামারি।

নর্থ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও মিনিয়াপোলিসের বিপুল সংখ্যক মানুষ ফ্লয়েডকে স্মরণ করতে জড়ো হয়েছিলেন।

এদিকে বৃহস্পতিবার ফ্লয়েড হত্যায় নতুন করে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে মিনিয়াপোলিসের আদালতে হাজির করা হয়। আর আগে থেকেই গ্রেপ্তার রয়েছেন ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে রাখা পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী