ইউনাইটেড আগুন : প্রত্যক্ষদর্শী স্বজনের ভয়ঙ্কর বর্ণনা
নিউজ ডেস্ক : ‘২৭ মে। রাত আনুমানিক ৯টা ৩৫। ইউনাইটেড হাসপাতালের ডাক্তার ও নার্সদের এসির কক্ষের এসি থেকে সামান্য ধোঁয়া বের হতে দেখি। ওই সময় বাইরের কক্ষের মূল দরজা খোলা ছিল। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ ৬-৮ জন দায়িত্বরত ছিলেন। তবে কোনো গার্ড ছিল না। এসি থেকে ছোট স্পার্ক হয়ে এসির গায়ে সামান্য আগুন লেগে যাচ্ছিল। আমি চিৎকার করে ওয়ার্ডবয়কে বলি ফায়ার ইস্টিংগুইশার নিয়ে আসেন। আগুন নেভান।
ওয়ার্ডবয় বলেন- ফায়ার ইস্টিংগুইশার নেই। এরপর সে নিজে নিজে ফ্লোর মোছার মপ (যা অতিমাত্রায় দাহ্য পদার্থ মিশ্রিত ছিল) দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। মপের দাহ্য পদার্থের কারণে আগুন আরও বেড়ে নিয়ে এসির বডি গলতে শুরু করে। তখন এসির রেখে দেওয়া খালি মুভেবল বেডটি সরানোর অনুরোধ করি। যাতে বেডের চাদরে আগুন লাগতে না পারে। এরই মধে এসির প্লাস্টিকের ছোট ছোট পোড়া অংশ বিছানার চাদরের ওপর পড়তে থাকে। এরপর চাদরে আগুন ধরে যায়।
বেডের চাদরে আগুন লাগা দেখে চিকিৎসক, নার্স এবং ওয়ার্ডবয়রা সব রোগীর মুভেবল বেডসহ তাদের সরানোর চেষ্টা না করেই পেসেন্ট কক্ষের দরজা না খুলে তারা যে যার যার মতো সামনের দরজা দিয়ে বের হয়ে যায়। এরপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আমি দৌড়ে সিকিউরিটি গার্ড রুমে যাই। সেখানে কোনো ফায়ার ইস্টিংগুইশার না পেয়ে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আগুনের ঘটনা জানিয়ে ফায়ার সার্ভিস পাঠানোর অনুরোধ করি। ১০-১৫ মিনিট পর ফায়ার সার্ভিস আসে। ১০-১৫ মিনিটের চেষ্টায় দশটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আমার শ্বশুড় মুক্তিযোদ্ধা ভারনন এ্যান্থনী পলসহ (৭৪) পাঁচজন রোগী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।’
এ্যান্থনীর ছেলের স্ত্রী রোনাল্ড মিকি গমেজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলায় এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তার চোখের সামনেই আগুনে পুড়ে পাঁচজন রোগী দগ্ধ হন।
মামলার এজাহারে তিনি বলেন, করোনা আইসোলেশন ইউনিটের পেসেন্ট কক্ষে কোনো ফায়ার এক্সিট ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ পেসেন্ট বের করার কোনো উদ্যোগ নেননি। দরজা বন্ধ থাকায় শ্বশুড়কে উদ্ধার করতে পারি নাই। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের কেউ শ্বশুড়কে বের করার জন্য কোনো সহযোগিতা করেনি। তারা সহযোগিতা করলে শ্বশুড়কে বাঁচানো যেত।
মামলায় আরও বলা হয়, ইউনাইটেড হাসপাতাল তাদের প্রাঙ্গণে নির্মিত আইসোলেশন ইউনিটটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের অনুমতি নেয়নি। তাছাড়া স্থাপনার কাঠামোগুলো অতিমাত্রায় দাহ্য ছিল।
এজাহারে বলা হয়, ঘটনার রাত ১০টা ১৫ মিনিটে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে সবার মরদেহ বের করে নিয়ে আসে। শনাক্তের জন্য লাশ হাসপাতালের ইমার্জেন্সিতে রেখে দেয়। ওই সময় কথা বলার জন্য হাসপাতালের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরের দিন ২৮ মে সন্ধ্যা ৬ টার দিকে বডি ডিসচার্জের কাগজপত্র ঠিক করার জন্য হাসপাতাল মর্গে যান মিকি গমেজ। তখন ডিউটি ম্যানেজার জানান, মর্গের কিছু বিল আসবে। তখন আরও জানায়, একাউন্ট সেকশনে গিয়ে বিলিংয়ের বিষয়ে কথা বলে সব কিছু ফাইনাল করে নেন। বিলিং সেকশনে যাওয়ার পর সেখানে মিকি গমেজকে প্রায় দেড় লাখ টাকার বিল ধরিয়ে দেন। এরপর বিল দেখে টেস্ট রিপোর্ট চাওয়া হলে তারা জানায়, বিল পরিশোধ করলেই কেবল রিপোর্ট দেওয়া যাবে।
মিকি গমেজের এ মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, সংশ্লিষ্ট চিকিৎসক, সেফটি ও সিকিউরিটির দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ দায়িত্ব পালনের অভিযোগ আনা হয়েছে।
গমেজ তার মামলার এজাহারে আরও জানান, ২৫ মে ব্রেন স্ট্রোকজনিত কারণে তার শ্বশুড়কে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সির ডাক্তার পরীক্ষার আগেই জানায়, করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও রোগীকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা করানো হবে। পরবর্তীতে কোনও কারণে করোনা রিপোর্ট পজিটিভ আসলেও কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পজিটিভ এলে তাদের হাসপাতালে না রেখে কভিড হাসপাতালে পাঠানো হবে- এ মর্মে স্বাক্ষর নেওয়া হয়েছিল। ২৭ মে রাত ৮টার দিকে এ্যান্থনীর করোনার পরীক্ষার নেগেটিভ রিপোর্টের কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা বলে, কনসালটেন্ট ডাক্তারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে। সাড়ে ৪ ঘণ্টা আইসোলেশন ইউনিটের সামনে দাঁড়িয়ে থেকেও শ্বশুড়ের শিফটিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত পাইনি।
উল্লেখ্য, গত ২৭ মে রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। তবে আগুন নেভানোর আগেই ঝরে যায় পাঁচটি প্রাণ। পরে তাদের মৃতদেহ বের করে আনা হয়। এ ঘটনার পর সংবাদ সম্মেলনে ইউনাইটেড কর্তৃপক্ষ দাবি করে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। সমকাল











