ব্রাহ্মণবাড়িয়ায় বাস চলাচলের জন্য প্রস্তুত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সরকারের ঘোষনানুযায়ী আজ রোববার (৩১ মে) থেকে সীমিত আকারে চলাচল করবে গণপরিবহন। এ জন্য ব্রাহ্মণবাড়িয়ায় চলছে প্রস্তুতি। পৌর এলাকার ভাদুঘর আন্তঃজেলা বাস টার্মিনাল ও শহরের পৈরতলা বাসষ্ট্যান্ডে যাত্রী পরিবহনের জন্য যাত্রীবাহী বাসগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। তবে যাত্রী পরিবহনের জন্য পরিবহন মালিক-শ্রমিকদেরকে সরকারী নির্দেশনা মানতে হবে। নতুবা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউজ মিলনায়তনে জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সেনাবাহিনীর কুমিল্লা ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মোঃ মাহফুজ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিতু মরিয়ম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর আবদুন নুর, বিআরটি’র উপ-পরিচালক আলী আহসান মিলন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী, সিএনজি মালিক সমিতির সভাপতি বাহার চৌধুরী, জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী জসিম উদ্দিন জমশেদ, সাধারণ সম্পাদক মোঃ হানিফ, বাস মালিক সমিতির নেতা নেয়ামত উল্লাহ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, শ্রমিকলীগ নেতা আবদুল মালেক চৌধুরীসহ গণপরিবহন মালিক ও শ্রমিক এবং সিএনজিচালিত অটোরিকসার মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনিসুর রহমান চৌধুরী জানান, তারা যানবাহনগুলো ধুয়ে-মুছে প্রস্তত রেখেছেন। তিনি বলেন, আশা করি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই যানবাহন গুলো পরিচালনা করতে পারবো। তবে প্রতিটি বাসে কতজন যাত্রী পরিবহন করতে পারবো সেই সিদ্ধান্ত এখনো আমাদের কাছে স্পষ্টভাবে আসেনি। সভা শেষে জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ হানিফ জানান, আজ ৩১ মে থেকে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
শনিবার সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধি বিধান রয়েছে সেগুলো মেনে গণপরিবহন পরিচালনা করতে হবে। স্বাস্থ্যবিধি না মানা হলে প্রয়োজনে যানবাহন জব্দ করার কথা বলা হয়েছে। কিন্তু প্রতিটি বাসে কতজন যাত্রী পরিবহন করা যাবে সে বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি। জেলা প্রশাসন আমাদেরকে এ ব্যাপারে সু-নিদির্ষ্টভাবে কিছু জানায়নি। তিনি বলেন, ‘যদি অর্ধেক যাত্রী পরিবহন করতে হয় তাহলে পরিবহন ভাড়া বাড়াতে হবে। অন্যথায় আমাদের পরিবহনের জ্বালানী খরচ উঠে আসবে না।
এ ব্যাপারে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন বলেন, সরকারী আইন কানুন এবং স্বাস্থ্যবিধি মেনেই গণ পরিবহন পরিচালনা করতে হবে। এর ব্যতয় ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজনে গনপরিবহন জব্দ করা হবে। একই আইন প্রযোজ্য হবে তিন চাকার থ্রী হুইলার, সিএনজি অটোরিকসার ক্ষেত্রে।
প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ চালক দুইজন যাত্রী পরিবহন করতে পারবে। কোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না। এর ব্যতয় ঘটলে মাঠে মোবাইল কোর্টের মুখোমুখি হতে হবে। জরিমানার পাশাপাশি প্রয়োজনে সিএনজি অটোরিকসা জব্দ করা হবে।











