সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহন ও ট্রেনে অর্ধেক যাত্রী, মালিকরা ভাড়া বাড়াতে চান

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি বন্ধ থাকার পর রোববার থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন ও আন্তঃনগর ট্রেন। সরকার নির্দেশ দিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে যাত্রীবাহী পরিবহন চলবে। তবে সড়ক পরিবহন ও রেলের সঙ্গে সম্পৃক্তরা এ বিষয়ে বলেছেন, বাস ও ট্রেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া হবে। অর্ধেক বাস খালি রাখার শর্তে বাড়তি ভাড়ার দাবি তুলেছেন মালিকরা।

স্বাস্থ্যবিধি মেনে কিভাবে যাত্রী পরিবহন করা হবে তা নির্ধারণে শুক্রবার বৈঠক করবে রেল মন্ত্রণালয়। এছাড়া পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সভা ডেকেছে নৌ মন্ত্রণালয়ও।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের কথা বলা হলেও, বিআরটিএ সূত্র সমকালকে নিশ্চিত করছে, রোববার থেকে দূরপাল্লার বাসও চলবে। রাতে ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা থাকলেও নৈশকালীন বাসও চলবে।

রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান সমকালকে বলেন, ‘৩১ মে থেকে কিছু সংখ্যক আন্তঃনগর ট্রেন চালু হবে। মেইল ও লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না। কোন কোন আন্তঃনগর চলবে তা নির্ধারিত হবে শুক্রবারের বৈঠকে।

ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে প্রতিদিন ৩৬টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। মহাপরিচালক জানান, এর মধ্যে ৭/৮ টি চালু হতে পারে। বাকি জেলাগুলো থেকেও দূরত্ব অনুযায়ী ট্রেন চালু করা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া এবং অর্ধেক আসন ফাঁকা রাখা হবে। ট্রেনে কোনো অবস্থাতেই দাঁড়িয়ে যাত্রী তোলা হবে না। স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনের টিকিট বিক্রি করা হবে। অধিকাংশ টিকিট ছাড়া হবে অনলাইনে।

রেল সূত্র জানিয়েছে, রোবাবর থেকে সুবর্ণ, সোনার বাংলা, কালনী, পঞ্চগড়, বনলতা, লালমনি, উদয়ন ও চিত্রা এক্সপ্রেস চালু হতে পারে। আগামী ৩ জুন চালু হতে পারে তিস্তা, বেনাপোল, নীলসাগর, রুপসা, মধুমতি, মেঘনা, কিশোরগঞ্জ ও উপকূল এক্সপ্রেস।

এদিকে বিআরটিএর চেয়ারম্যান ইউছুব আলী মোল্লা জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চালু করতে কারিগরি কমিটির সুপারিশকেই গুরুত্ব দেওয়া হবে। শুক্রবার মালিক-শ্রমিকদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি মাসে শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও ট্রেনে যাত্রী পরিবহনের নির্দেশিকা জারি করে। এতে অর্ধেক আসন খালি রাখা, যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা, প্রতিবার যাত্রার আগে বাস ও ট্রেন জীবাণুমুক্ত করা, চালক-শ্রমিকদের জীবাণুমুক্ত থাকাসহ ১৪ দফা নির্দেশনা দেওয়া হয়।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সমকালকে বলেন, ‘সরকার যেভাবে নির্দেশনা দেবে মালিকরা সেভাবেই বাস চালাবে। তবে যদি আসন সংখ্যার অর্ধেক খালি রাখতে হয়, তাহলে বিদ্যমান ভাড়ায় বাস পরিচালনা সম্ভব নয়। দেশের স্বার্থে মালিকরা দুই মাস বাস বন্ধ রেখেছেন। এখনো যদি তারা মুনাফা করতে না পারেন তাহলে বাস চালাবেন কী করে? ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ কমিটি আছে। তারাই ঠিক করুক, কত ভাড়া হওয়া উচিত।’

তবে একাধিক বাস মালিক সমকালকে নিশ্চিত করেছেন, দূরপাল্লা ও নগর পরিবহন উভয় ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দেবেন তারা।

অর্ধেক আসন খালি রাখার নির্দেশনা দেওয়া হলে তা মানা সম্ভব কি-না তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, ট্রেনে কর্তব্যরত কর্মচারীরা অবৈধভাবে যাত্রী তোলেন। বাসেও মালিকের চোখ ফাঁকি দিয়ে চালক-শ্রমিকরা বেশি যাত্রী তোলেন বলে অভিযোগ রয়েছে। এসব কিভাবে নিয়ন্ত্রণ করা হবে জানতে চাইলে রেল মহাপরিচালক বলেন, ‘সবার সচেতনতা ছাড়া এর সমাধান নেই।’

আর খন্দকার এনায়েত বলেন, ‘অর্ধেক আসন খালি রাখা হয়েছে কি-না তা মালিকের পক্ষে রাস্তায় নেমে যাচাই করা সম্ভব নয়। এর দায়িত্ব বিআরটিএ ও পুলিশকে নিতে হবে।’

এদিকে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংয়ে বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকদের সংগঠন এবং বিআরটিএ’কে মিলে একটি পরিকল্পনা তৈরি করতে হবে। যাত্রী, চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘দিনের পর দিন গণপরিবহন বন্ধ রাখা কঠিন। কিন্তু আদৌ স্বাস্থ্যবিধি মেনে যাত্রীপরিবহন করা হবে হচ্ছে কি-না তা কঠোরভাবে নজরদারি করতে হবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী