করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) নামে পুলিশের আরেক সদস্য মারা গেছেন। এ নিয়ে করোনায় বাংলাদেশ পুলিশের ৯ সদস্যের মৃত্যু হলো।
আজ সোমবার সকাল ৮টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মজিবুর রহমান তালুকদার মারা যান। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ মে মজিবুর রহমান তালুকদারকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি আজ সকাল ৮ টা ৫১ মিনিটে মারা যান বলে জানান এআইজি সোহেল রানা।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মজিবুর রহমান তালুকদারের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। বর্তমানে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় ওই পুলিশ সদস্যের মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে বলেও জানিয়েছে পুলিশ সূত্র।











