আশুগঞ্জে ঈদ কেনাকাটায় মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব
গোলাম সারোয়ার,আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লকডাউন অমান্য করে সামাজিক দূরত্ব না মেনে চলছে বাজারে কেনা কাটার প্রতিযোগিতা। দূর দুরান্ত থেকে অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার না করে অবাধে ঘোরাফেরা করছেন পাশাপাশি সামাজিক দূরত্ব না মেনেই কেনা কাটাতে ব্যস্ত আশুগঞ্জ উপজেলার মানুষ।আশুগঞ্জে নিষেধাজ্ঞা জারি হলেও সড়কে অবিরাম চলেছে রিকশা, অটোরিক্সা ও প্রাইভেট যানবাহন। নানা অজুহাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হরহামেশাই সাধারণ মানুষ রাস্তায় চলে আসছে । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহলের সময় রাস্তা ফাঁকা থাকলেও টহলরত গাড়ি চলে গেলে পূনরায় শুরু হয় জটলা।
কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম এসে পৌঁছলে পরিবেশ কিছুক্ষণের জন্য ভালো হয়, কিন্তু মিনিট পনের পরই আবার বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা যায়। এলাকায় মানুষের উপচে পড়া ভিড় মানছে না লকডাউন, এভাবে চলতে থাকলে সমস্যা আরো ভয়াবহ হতে পারে।
উল্লেখ্য (১১মে) সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সাথে দোকান খোলা রাখা বা না রাখার ব্যাপারে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা নিজেদের মধ্যে পরামর্শ করে পরদিন সিদ্ধান্ত জানাবেন বলে উল্লেখ করেন। পরদিন রোববার সকালে ব্যবসায়ীরা ঈদুল ফিতর উপলক্ষে আশুগঞ্জে কোন মার্কেট ও বিপনী বিতান খোলা হবেনা বলে জানিয়েছিলেন। কিন্তু এর একদিন পরই এ সিদ্ধান্ত থেকে ফিরে আসেন ব্যবসায়ীরা। সরকারি নীতিমালা মেনেই তারা দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজিমুল হায়দার জানান, আমরা সব সময় উপজেলায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছ্।িকোন প্রকার জনসমাগম পেলে তা ভেঙ্গে দিচ্ছি এবং মানুষদের বোঝানোর চেষ্টা করছি। এছাড়াও আশুগঞ্জ হাটসহ বিভিন্ন হাট ও বাজার না বসার জন্য নির্দেশনা দিয়েছি সেটা না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











