অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে দেশের শিক্ষা-পরিবারে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক : জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ছোট-বড় শিক্ষক সংগঠনগুলো এবং শিক্ষাবিদরা গভীর শোক প্রকা্শ করেছেন।
তারা শোক বর্তায় জানিয়েছেন, অধ্যাপক আনিসুজ্জামানের চলে যাওয়াতে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়ল। এ ক্ষতি কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক শোক বর্তায় উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
মন্ত্রী শোক বার্তায় বলেছেন, অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন একজন আলোকিত মানুষ। দেশে গুণগত শিক্ষার প্রসার ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তিনি অনবদ্য ভূমিকা রেখে গেছেন। তার মতো একজন গুণী শিক্ষাবিদের মৃত্যুতে জাতির যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হবার নয়। শোক বার্তায় শিক্ষামন্ত্রী মরহুম অধ্যাপক ড. আনিসুজ্জামান এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইউজিসি চেয়ারম্যান এক শোক বার্তায় বলেছেন, অধ্যাপক আনিসুজ্জামান ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যে তার অসাধারণ ভূমিকা রয়েছে। দেশের শিক্ষা ক্ষেত্রে ড. আনিসুজ্জামান ছিলেন এক উজ্জ্বল বাতিঘর। তার মতো কিংবদন্তি শিক্ষাবিদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। শিক্ষা ক্ষেত্রে তার অনবদ্য অবদান ও তার বর্ণাঢ্য কর্মজীবন তাকে স্মরণীয় করে রাখবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেছেন, আনিসুজ্জামান এর মৃত্যুতে দেশ একজন স্বনামধন্য, প্রথিতযশা ও কিংবদন্তি শিক্ষাবিদকে হারাল। যিনি শিক্ষকতা, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন ও এ ভূখণ্ডে ধর্মান্ধতা এবং মৌলবাদ বিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে গেছেন।
এদিকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকদের সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্যে তার অসাধারণ ভূমিকা রয়েছে। তার মতো কিংবদন্তি শিক্ষাবিদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) পক্ষ থেকে শোক বার্তা দেওয়া হয়েছে। শোক বার্তায় আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেছেন, অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন একজন আলোকিত মানুষ। দেশে গুণগত শিক্ষার প্রসারে তিনি অনবদ্য ভূমিকা রেখে গেছেন। দেশ ও জাতির জন্য তার অবদান জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।











